খবর লাইভ : উত্তরপ্রদেশের আগ্রার এক বেসরকারি হাসপাতালে হাড়হিম করা ঘটনা। করোনা রোগীদের প্রয়োজনীয় অক্সিজেন বন্ধ করে মকড্রিল। যার জেরে ছটফটিয়ে মৃত্যু হল ২২ জন করোনা রোগীর। পুলিশের তরফে সিল করা হয়েছে হাসপাতালটি। ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রশ্ন উঠছে কীভাবে করোনা রোগীদের অক্সিজেন বন্ধ করে এই ধরনের মকড্রিল-এর অনুমতি দিল হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার কথা জানাজানি হতেই হাসপাতাল সিল করে, কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
জেলা শাসকের তরফে হাসপাতাল বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অতিমারী আইনে মামলা দায়ের হয়েছে ওই হাসপাতালের সিনিয়র চিকিৎসকের নামে। ওই হাসপাতালে কেন মুমূর্ষ করোনা রোগীদের অক্সিজেন সাপ্লাই বন্ধ করে এই মকড্রিল করা হল তাও জানতে চাওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই মুহূর্তে ওই হাসপাতালে ৫৫ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। ইতিমধ্যেই লাইসেন্স বাতিল করে সমস্ত করোনা রোগীদের অন্য হাসপাতালে ভর্তি করার কাজ শুরু করেছে প্রশাসন।
এই ঘটনার আগেই একটি ভিডিও দেখা যায়, যেখানে ওই হাসপাতালের সিনিয়র চিকিৎসক বলছেন, ২৬ এপ্রিলের পর অতিরিক্ত করোনা রোগী ভর্তি হচ্ছেন তাই অক্সিজেনের জোগান কম পড়বে। এই কারণেই পাঁচ মিনিটের মকড্রিল করে ব্যাপারটি ঠিক করা হবে। যদিও ওই চিকিৎসক দাবি করেছেন এটা তাঁর গলার স্বর নয়। এই ঘটনা নিয়ে টুইটে কটাক্ষ ছুঁড়ে রাহুল জানিয়েছেন, অক্সিজেনের নয়, বিজেপির মনুষ্যত্বের ঘাটতি হয়েছে। কটাক্ষ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধিও। তিনি জিজ্ঞাসা করেছেন, ‘এতগুলো মানুষের মৃত্যুর দায় কার?’ ঘটনার বিষয়ে উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী জয়প্রতাপ সিং জানিয়েছেন, এই ঘটনা আমাদের অবগত। একটি মামলা দায়ের হয়েছে। হাসপাতাল সিল করে দেওয়া হয়েছে, তদন্ত চলছে। এখনই কিছুই বলা যাবে না।




