খবর লাইভ : করোনার জেরে কর্মহীন বহু মানুষ। তারই মাঝে লকডাউনের জেরে কাজ হারিয়ে বেকার, এদিকে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। তাই কেউ যাতে অভুক্ত না থাকে সেই কথা মাথায় রেখে সকলের জন্য খাবারের সংস্থান করতে আগামী নভেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার, এদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এসে জানালেন প্রধানমন্ত্রী। গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় সকলকে খাবার দেওয়া হবে।
২০২০ সালে করোনার শুরুতেই সারাদেশে লকডাউন ফেলায় বিনামূল্যে রেশনের কথা জানান মোদি। চলতি বছরেও এই পথে হেঁটে আগামী নভেম্বর পর্যন্ত রেশন দেওয়ার কথা বলে বিরোধীদের সুর নরম করার রাস্তা সাজালেন মোদি। বিরোধীরা বারবার বলছিল ভোটের জন্য গতবছর বিনামূল্যে রেশন দেওয়া হয়েছে কিন্তু এবছরে নয় কেন? তাই এবার বিতর্কের অবসান ঘটাতে এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। চলতি বছরেও করোনার দ্বিতীয় ঢেউ-এর জন্য একাধিক রাজ্যে লকডাউন লাগু হয়েছে, মাঝে দুটি ঘূর্ণিঝড়ের জন্য ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কাজ নেই, মাথার উপর অশনি সঙ্কেত দিয়ে রেখেছে তৃতীয় ঢেউ, তাই কিছুটা সাশ্রয় করতে রেশনে বিনামূল্যে খাদ্যসামগ্রী দানের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
এদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এসে মোদি জানিয়েছেন, ‘টিকা নিয়ে অনেকে বিভ্রান্তি তৈরির চেষ্টা করেছিল, সেটা কার্যকর হয়নি। ভারত সফল ভাবে টিকাকরণ চালাচ্ছে। করোনার বিরুদ্ধে সারা দেশ কঠিন লড়াই লড়ছে। ভারত দীর্ঘসময় লড়াই করে চলেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়াই চলছে। টিকার চাহিদার থেকে উৎপাদনকারী সংস্থার সংখ্যা কম। দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেনের চাহিদা অত্যাধিক পরিমাণে বেড়ে গিয়েছিল। গত ৫০ বছরের ইতিহাস দেখবেন, বিদেশ থেকে ওষুধ, টিকা আনতে অনেক সময় লেগে যেত, টিকাকরণ শুরুও করা যেত না দীর্ঘদিন। পোলিও-সহ একাধিক টিকার জন্য দশকের পর দশক অপেক্ষা করতে হয়েছে।’




