খবর লাইভ : ভারতীয় নৌ সেনায় অগ্নিপথ প্রকল্পে এখনও পর্যন্ত ২ লক্ষ ৭০ হাজার তরুণ- তরুণীর আবেদন জমা পড়েছে। যার মধ্যে মহিলার সংখ্যা ১০ হাজারেরও বেশি। ইতিমধ্যে অগ্নিপথ প্রকল্পে যোগদানের জন্য ১০ হাজারের বেশি মহিলা ভারতীয় নৌ সেনায় আবেদন করেছেন বলে জানা গিয়েছে। ভারতীয় নৌ বাহিনীর অগ্নিবীর নিয়োগের আবেদন ১ জুলাই থেকে শুরু হয়েছে। বিপুল সংখ্যক আবেদনে এটা স্পষ্ট যে তরুণ-তরুণীদের মধ্যে উৎসাহের আঁচ দ্বিগুণ। প্রথম ব্যাচের অগ্নিবীরদের মধ্যে ১০ শতাংশ মহিলা নিয়োগ করা হবে ভারতীয় নৌ বাহিনীতে। নিয়োগ করা হবে অর্ডিন্যান্স, ইলেকট্রিক্যাল, নেভাল এয়ার মেকানিক্স, কমিউনিকেশন (অপারেশনস) এবং কমিউনিকেশনস ( ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার) ও নৌ গোলন্দাজ বাহিনী বিভাগে। নৌ সেনার এক আধিকারিক জানান, ইতিমধ্যেই দীর্ঘদিনের প্রথা ভেঙে জাহাজে মহিলা অফিসারদের কাজের সুযোগ দেওয়া শুরু হয়েছে। এই প্রথমবার অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে ভারতীয় নৌ সেনার নাবিক পদে যোগদান করতে পারবেন মহিলারা।
আরও পড়ুনঃ লড়াই দিতে ব্যর্থ ভারত, রুট- বেয়ারস্টোর জোড়া শতরানে সহজ জয় ইংল্যান্ডের!
অগ্নিপথ প্রকল্প ঘিরে দেশজুড়ে যতই বিক্ষোভ আন্দোলন হোক না কেন ভারতীয় বায়ু সেনায় দেশের তরুণ- তরুণীদের উৎসাহের পারদ যে তুঙ্গে তা আবেদনকারীর সংখ্যা দেখেই স্পষ্ট। এখনও পর্যন্ত সেখানে প্রায় পৌনে তিন লক্ষ অগ্নিবীর হওয়ার আবেদন জমা পড়েছে। ভারতীয় নৌ সেনাতেও এবার সেই একই ছবিটা ধরা পড়েছে।




