খবর লাইভ : অবসরপ্রাপ্ত আমলাকে কোনও সরকারি পদে নিয়োগ করতে হলে, এবার বাধ্যতামূলকভাবে ভিজিল্যান্সের ছাড়পত্র নিতে হবে। ৩ জুন সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে।
পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ঘিরে প্রতিহিংসার তত্ত্ব সামনে আসতেই নড়েচড়ে বসে কেন্দ্র। এমনই মনে করছে প্রশাসনিক মহল। আর তার পরেই অবসরপ্রাপ্ত আমলাদের পুনর্নিয়োগের ক্ষেত্রে তড়িঘড়ি এক নয়া ফরমান জারি করেছে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন(সিভিসি)। ওই ফরমানে বলা হয়েছে, ‘কোনও অবসরপ্রাপ্ত সরকারি আমলাকে চুক্তিভিত্তিক ও পুনর্নিয়োগ করতে হলে অবশ্যই ভিজিল্যান্স কমিশনের ছাড়পত্র চায়।’ অর্থাৎ রাজ্য সরকারগুলির ক্ষমতা বকলমে কেড়ে নেওয়া হল।
কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের এমন ফরমান নিয়ে ক্ষোভে ফুঁসছেন সরকারি আমলারা। নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক আমলা মনে করছেন, ‘যোগ্য ও কর্মঠ আমলাদের অভিজ্ঞতা ও কর্মদক্ষতা যাতে রাজ্য সরকার কাজে লাগাতে না পারে তার জন্যই এমন অগণতান্ত্রিক ও স্বৈরাচারী নিদান জারি করা হয়েছে।’ একই সঙ্গে তাঁরা প্রশ্ন ছুঁড়েছেন, ‘আমলারা কি সরকারের ক্রীতদাস নাকি?
বৃহস্পতিবার কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের পক্ষ থেকে যে নয়া ফরমান জারি করা হয়েছে তাতে বলা হয়েছে, ‘এখন থেকে অল ইন্ডিয়া সার্ভিসের গ্রুপ ‘এ’ পদমর্যাদার অবসরপ্রাপ্ত অফিসার এবং কেন্দ্রের নিয়ন্ত্রণে থাকা অন্য কোনও সংস্থার সমতুল্য মর্যাদার আধিকারিকদের কোনও সরকারি কাজে নতুন করে নিয়োগ করতে হলে এখন থেকে ভিজিল্যান্সের ছাড়পত্র লাগবে। ওই সরকারি আমলা অবসর নেওয়ার আগে যে সংস্থার হয়ে কাজ করেছেন, ছাড়পত্র নিতে হবে তাদের থেকেই। সেক্ষেত্রে অবসর নেওয়ার আগে যদি ওই অফিসার একাধিক সংস্থার হয়ে কাজ করে থাকেন, তবে গত ১০ বছরে যে যে সংস্থার হয়ে তিনি কাজ করেছেন, তাদের প্রত্যেকের থেকে নিতে হবে ছাড়পত্র। ভিজিল্যান্সের ছাড়পত্র ছাড়া নিয়োগ করা যাবে না।’
ফরমানে বলা হয়েছে, বিভিন্ন সময়ে বহু অবসরপ্রাপ্ত আমলাদের পেশাদারি যোগ্যতাকে কাজে লাগানোর জন্য তাঁদের চুক্তির ভিত্তিতে বা পরামর্শদাতা হিসেবে সরকারে ও সরকারি সংস্থায় নিয়োগ করা হচ্ছে। আর তা করতে গিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ উঠছে।
সরকারের অবসরপ্রাপ্ত আমলাদের নিয়োগের ক্ষেত্রে সিভিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘যদি কোনও পদে অবসরপ্রাপ্ত সরকারি আমলাকে নিয়োগ করার কথা ভাবা হয়, তবে সেই সুযোগ বিশেষ একজনকে বেছে নিয়ে দেওয়া যাবে না। এবিষয়ে বিজ্ঞাপনও দিতে হবে। বাকিদেরও ওই পদে আবেদনের সুযোগ দিতে হবে।’
সিভিসির নির্দেশিকায় জানানো হয়েছে, যদি কোনও অবসরপ্রাপ্ত আমলার নয়া পদে নিয়োগের জন্য ছাড়পত্র চেয়ে আবেদনের ১৫ দিনের মধ্যে জবাব না পান, তাহলে ফের একবার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে চিঠি পাঠাতে পারেন। যদি প্রথম চিঠি পাঠানোর ২১ দিনের মধ্যে কোনও জবাব না আসে তবে ধরে নিতে হবে অবসরপ্রাপ্ত অফিসারকে ভিজিল্যান্স ছাড়পত্র দেওয়া হয়নি। প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কাণ্ডের জেরেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে৷




