খবর লাইভ : আবার রাজ্যসভায় স্বপন দাশগুপ্ত। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সালের ২৪ এপ্রিল পর্যন্ত তিনি রাজ্যসভার সাংসদ পদে বহাল থাকতে পারবেন।
পশ্চিমবঙ্গে ২১-এর মহারণে বিজেপির টিকিটে তারকেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন স্বপন। সেই জন্য তাঁকে রাজ্যসভার আসন ছাড়তে হয়। ভোট মিটতেই এক মাসের মাথায় ফের রাজ্যসভায় তাঁকে মনোনীত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
ভোট রাজনীতির থেকে বরাবর দূরেই থেকেছেন তিনি। একুশের বঙ্গযুদ্ধে প্রথমবার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার ময়দানে নামেন। নিজের ইচ্ছে না থাকলেও বিজেপির প্রধান মুখ নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ বৃত্তের এই নেতাকে মান্যতা দেন। কিন্তু শুরুটা ভাল হয়নি। তারকেশ্বর বিধানসভা কেন্দ্রে ৬ হাজারের কিছু বেশি ভোটের ব্যবধানে হেরে যান তৃণমূল প্রার্থী রমেন্দু সিংহ রায়ের কাছে। এবার ফের রাজ্যসভায় প্রত্যাবর্তন করছেন তিনি। ২০২২ সাল পর্যন্ত ওই পদে থাকবেন স্বপন।
প্রথমে অবশ্য রাজ্যসভার পদ না ছেড়েই তারকেশ্বর বিধানসভা থেকে প্রার্থী হয়েছিলেন স্বপন। কিন্তু তাতে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সংবিধান বিরোধী কাজ করছেন বলেও অভিযোগ উঠেছিল। এমনকী তাঁর রাজ্যসভার সদস্যপদ খারিজের আবেদনও জানিয়েছিল তৃণমূল। অবশেষে সাংসদ পদ থেকে পদত্যাগ করেন বর্ষীয়ান রাজনীতিবিদ।
উল্লেখ্য, ২০১৬-র এপ্রিলে রাজ্যসভার সাংসদ পদে শপথ নিয়েছিলেন স্বপন দাশগুপ্ত।




