খবর লাইভ : মর্মান্তিক দুর্ঘটনা বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে। এদিন সকালেই মন্দিরের নির্মীয়মান অংশে কাজ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে দুই শ্রমিকের, গুরুতর আহত ৬। সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃত ব্যক্তিরা দু’জনেই পশ্চিমবঙ্গের মালদার বাসিন্দা। মন্দিরের সংলগ্ন একটি পুরানো বাড়ি ছিল, সেই বাড়ি আচমকাই ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে দুই শ্রমিকের।
এই দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেয় বিশাল পুলিশ বাহিনী। সঙ্গে উদ্ধারকাজের জন্য গিয়েছে এনডিআরএফ সেনার দল। আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এনডিআরএফ-এর পাশাপাশি এসডিআরএফ-এর দল গিয়েছে উদ্ধারকাজের জন্য। আহত ছয় শ্রমিককে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রত্যেক শ্রমিকরাই পশ্চিমবঙ্গের মালদার বাসিন্দা। কাজের সূত্রে সেখানে গিয়েছিলেন। মন্দিরের করিডরের কাজ করতে গিয়েছিলেন তাঁরা। পাশেই ঘুমোতেন ওই শ্রমিকেরা। সেখানেই এক পুরানো বাড়ি ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে দুই শ্রমিকের।
গঙ্গা ঘাটের কাছেই থাকা একটি হস্টেল ভেঙে পড়েছে বলেও জানা গিয়েছে। ওই হস্টেলের রান্নাঘর অংশটি সম্পূর্ণ রূপে ভেঙে গিয়েছে। ওই বিল্ডিং-এর নীচেই ঘুমোচ্ছিলন আটজন শ্রমিক। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দু’জন শ্রমিকের।




