খবর লাইভ : ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁকোকে আমন্ত্রণ জানাল ভারত।যদিও এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রথমে আমন্ত্রণ জানানো হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। তবে, চলতি মাসের শুরুতেই জানা গিয়েছিল, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আসতে পারবেন না বাইডেন। এরপরই প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে ভারতের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে ফরাসি প্রেসিডেন্টকে। তবে, ম্যাঁকো আসার বিষয়ে সম্মতি দিয়েছেন কিনা, সেই বিষয়টি এখনও স্পষ্ট করে জানায়নি কেন্দ্র।
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রতি বছরই প্রধান অতিথি হিসেবে বিভিন্ন বিদেশি রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়।প্রজাতন্ত্র দিবস উদযাপন ভারতের সশস্ত্র বাহিনীর শক্তি প্রদর্শনের মঞ্চ। এই মঞ্চ থেকে কূটনৈতি সম্পর্ক জোরদার করার কাজও করা হয়। সাম্প্রতিক কয়েক বছরে ভারত ও ফ্রান্সের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে-সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক তৈরি হয়েছে। রাফাল যুদ্ধবিমান নিয়ে চুক্তি-সহ বিভিন্ন বিষয়ে দুই দেশ পরস্পরের পাশে দাঁড়িয়েছে। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাফাল জেটের এয়ার শো-ও দেখা যেতে পারে বলে আশা করা হচ্ছে।




