খবর লাইভ : টানা লকডাউনের ফলে দেশের রাজধানীতে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। দৈনিক সংক্রমণ এক ধাক্কায় ২ হাজারের গণ্ডির নিচে নেমে এসেছে। এমতাবস্থায় অর্থনীতিকে বাঁচাতে ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিল দিল্লির আপ সরকার।
শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, ‘আগামী সোমবার থেকেই পর্যায়ক্রমে লকডাউনের বিধি নিষেধ তুলে নেওয়া শুরু হবে। গরিব মানুষদের রুজি-রোজগারের কথা মাথায় রেখে প্রথমে শিল্প কারখানা ও নির্মাণ ক্ষেত্র খুলে দেওয়া হবে।’
এদিনের সাংবাদিক সম্মেলনে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘অনেক কষ্টে রাজ্যে করোনা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কিন্তু এখনও সম্পূর্ণভাবে মারণ ভাইরাসকে কাবু করা যায়নি। তাই এখনও আমাদের অনেকটাই সতর্ক থাকতে হচ্ছে। অনেক ভাবনা চিন্তা করে ধীরে-ধীরে আনলক প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। প্রথমেই গরিব শ্রমিক আর নিম্নবিত্ত মানুষদের চরম অসুবিধার কথা মাথায় রেখে নির্মাণ ক্ষেত্র ও বিভিন্ন কারখানা খুলে দেওয়া হচ্ছে। এক সপ্তাহের জন্য দুই ক্ষেত্র খুলে দেওয়া হচ্ছে। যদি দেখা যায় যে পরিস্থিতির ফের অবনতি ঘটছে, তাহলে আবারও লকডাউনের পথে হাঁটা হবে।’
করোনার দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় টানা লকডাউনের রাস্তায় হেঁটেছিল দিল্লির সরকার। গত ১৯ এপ্রিল থেকে শুরু হয়েছিল লকডাউন। তার পরে দফায়-দফায় সেই লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হয়েছে।



