খবর লাইভ : চলে গেলেন বিশিষ্ট সাংবাদিক অনুপ ধর। কোভিডে আক্রান্ত হয়েছিলেন তিনি। বয়স হয়েছিল ৬১ বছর। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।তাঁর অকাল প্রয়ানে গভীর শোক সংবাদজগতে।
সপ্তাহ দুয়েক আগে কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন বিশিষ্ট এই সাংবাদিক। চিকিৎসায় অনেকটাই সুস্থও হয়ে উঠেছিলেন তিনি। বুধবার আচমকা তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানতে হয় সাংবাদিককে।
কর্মজীবনে তিনি যুগান্তর, সংবাদ প্রতিদিন সহ একাধিক পত্রিকায় সাফল্যের সঙ্গে কাজ করেছেন। পরবর্তীকালে একাধিক সংবাদপত্র সম্পাদনাও করেছেন। পাশাপাশি দীর্ঘদিন তিনি তদন্তমূলক টেলিভিশন সাংবাদিকতাও করেছেন। সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহারের জন্য তাঁর সুনাম ছিল বরাবরই। তাঁর হাত ধরে অনেক নবাগত সাংবাদিকতায় পথচলা শুরু করেন।



