খবর লাইভ : ভারতে ১২ বছর উর্দ্ধে সকলকে তাঁদের তৈরি ভ্যাকসিন দেওয়া যাবে। তাই ভারতে ব্যবহার করতে তাঁদের টিকাকে ছাড়পত্র দেওয়া হোক। এমনই আবেদন কেন্দ্রকে ফাইজার জানিয়েছে বলে দাবি সূত্রের। ফাইজারের আরও দাবি, তাদের ভ্যাকসিন দীর্ঘ একমাস ফ্রিজারে ২ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রাতে রাখা যাবে, কোনও সমস্যা হবে না।
অবশেষে সুখবর শোনালো ‘ফাইজার’। আমেরিকার তৈরি এই করোনার প্রতিষেধক, ভারতীয় স্ট্রেইন-এর উপর কার্যকরী বলে জানিয়েছে নিয়ামক সংস্থা। চিন থেকে আগত কিংবা ব্রিটেন ও আফ্রিকার ভ্যারিয়েন্ট করোনা ভাইরাসের উপর কার্যকরী ছিল ফাইজার। এবার সেই তালিকায় ভারতে মিউটেড হওয়া করোনা ভাইরাসের উপর সমান কার্যকরী ফাইজার। আর এই সুখবর জানিয়েই ভারতে টিকা প্রস্তুত করার আর্জি জানিয়ে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ শুরু করেছে এই আমেরিকান ভ্যাকসিন। সূত্রের খবর, কেন্দ্রকে ফাইজার জানিয়েছে ভারতে ১২ বছর উর্দ্ধে সকলকে তাঁদের তৈরি ভ্যাকসিন দেওয়া যাবে। তাই ভারতে ব্যবহার করতে তাঁদের টিকাকে ছাড়পত্র দেওয়া হোক।
ফাইজার এও জানিয়েছে, তাঁদের করোনা ভ্যাকসিন দীর্ঘ একমাস ফ্রিজারে ২ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রাতে রাখা যাবে, কোনও সমস্যা হবে না। পিটিআই সূত্রে জানা যায় আমেরিকান এই কোম্পানি ভারতে জুলাই থেকে অক্টোবরের মধ্যে ৫ কোটি ডোজ পাঠাচ্ছে।
গত এক সপ্তাহ ধরেই ফাইজার কোম্পানির সিইও ভারত সরকারের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন, নানারকম নীতি ও আইন নিয়ে অবগত হয়েই ভারতে নিজেদের ভ্যাকসিন আনার প্রক্রিয়া চালু করেছে তারা। ভারতে এই মুহূর্তে ভ্যাকসিনের আকাল। অথচ করোনা থেকে বাঁচতে এই ভ্যাকসিন মূল উপায় বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ভারতে এই মুহূর্তে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন-এর মত দুটি দেশীয় ভ্যাকসিন রয়েছে এছাড়াও খুব শীঘ্রই সিঙ্গেল ডোজের স্পুটনিক ভি রাশিয়ার ভ্যাকসিন ব্যবহার শুরু হবে ভারতে।
ইউরোপের একাধিক দেশ, এশিয়ার কিছু দেশ ও আমেরিকা জুড়ে ফাইজার ভ্যাকসিন ব্যবহার হয়েছে, যার ফল হাতেনাতে পাচ্ছেন সেখানকার মানুষেরা। ভারত সরকার এই মুহূর্তে হু’-এর ছাড়পত্র দেওয়া বিদেশী ভ্যাকসিন গুলোই ভারতে ব্যবহার করার চিন্তাভাবনা করছে।
গত সপ্তাহেই দিল্লির আপ সরকারের তরফে মডার্না ও ফাইজার এই দুই ভ্যাকসিন কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়। যদিও কেজরিওয়ালের সরকারকে স্পষ্ট দুই কোম্পানি জানিয়ে দেয় শুধুমাত্র কেন্দ্রের সঙ্গেই তারা চুক্তি করবে ভারতে করোনার টিকা দেওয়ার জন্য।



