খবর লাইভ : স্বল্প উপসর্গ যুক্ত করোনায় আক্রান্তদের উপর ককটেল অ্যান্টিবডি ওষুধের ব্যবহারে বিশেষ ছাড়পত্রের আবেদন জানাল জাইডাস কাডিলা। সূত্রের খবর, ভ্যাকসিন ও ওষুধ প্রস্তুতকারক এই ভারতীয় কোম্পানিকে আমেরিকার জীবনদায়ী করোনার অ্যান্টিবডি তৈরি করা ককটেল ওষুধের ব্যবহারে ছাড়পত্র পাওয়ার জন্য ডিজিসিআই-এর কাছে আবেদন জানিয়েছে। দেশে এই মুহূর্তে ভ্যাকসিন, অক্সিজেন ও ওষুধের আকাল, তাই করোনার দ্বিতীয় ঢেউ-এর সঙ্গে লড়াইয়ে ককটেলকেই ব্যবহার করে প্রাথমিক চিকিৎসা সারতে চাইছে স্বাস্থ্যমন্ত্রক।
পশুদের শরীরে আগেই ব্যবহার করে ফুসফুসের সংক্রমণ কমানো গিয়েছে এই ওষুধের মাধ্যমে। ককটেল ওষুধ শরীরে দুটি অ্যান্টিবডি তৈরি করে। যা শরীরে থাকা অ্যান্টিবডিকে করোনা মোকাবিলায় সক্রিয় করে তোলে। জাইডাস কোম্পানির তরফে জানানো হয়েছে, করোনার সঙ্গে লড়তে গেলে কম ক্ষতিকারক ও কার্যকরী ভ্যাকসিন কিংবা ওষুধ বাজারে আনতেই হবে। তাই মানব শরীরে ক্লিনিক্যাল ট্রায়াল-এর জন্য ডিজিসিআই-এর কাছে ছাড়পত্রের আবেদন জানিয়েছে জাইডাস। এমনিতেই দেশীয় পদ্ধতিতে করোনার ভ্যাকসিন বানাচ্ছে জাইডাস। সেরাম ও ভারত বায়োটেকের পর জাইডাস খুব শীঘ্রই বাজারে নিয়ে আসবে করোনার তৃতীয় টিকা।
ভারতে ইতিমধ্যেই এসেছে জীবনদায়ী ককটেল ওষুধ। যার ডিস্ট্রিবিউশন ও তৈরির দায়িত্বে রয়েছে সিপলা। এবার জাইডাস কাডিলাও চাইছে মানব শরীরে এই ওষুধ প্রয়োগে বিশেষ বা জরুরি ভিত্তিতে ছাড়পত্র দিতে।



