খবর লাইভ : বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা এখনও উদ্বেগজনক। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পেলেও, সাইটোকাইনের মাত্রা বেড়েছে। তবে উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সাইটোকাইনের মাত্রা বৃদ্ধি আগের থেকে বেশ কমেছে। বাইপ্যাপের মাধ্যমে তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে। তাঁর রক্তচাপ, হার্ট রেট এবং প্রস্রাব স্বাভাবিক।
চিকিৎসকরা জানিয়েছেন, বুদ্ধদেবের প্রথম আইএল সিক্স রিপোর্ট দেখে মনে করা হয়েছিল টোসিলিজুম্যাব দ্রুত শুরু করতে হবে। হাসপাতালে সেই সময় ওই ওষুধ ছিল না। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে স্বাস্থ্যভবন আধ ঘণ্টার মধ্যেই ওই ওষুধ পাঠায়। কিন্তু সেই ওষুধ প্রয়োগের প্রয়োজন এখনও হয়নি। বুধবার সকালে তাঁকে রেমডেসিভির ইঞ্জেকশন দেওয়া হয়েছে।
বুদ্ধদেব ক্রনিক সিওপিডি-র রোগী হওয়ার কারণে এই সাইটোকাইনের মাত্রা বৃদ্ধি পাওয়া উদ্বেগের কারণ। এটি বাড়লে অঙ্গপ্রত্যঙ্গের ওপর প্রভাব পড়ে। তাই হাসপাতাল ৬ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসকদের টিম করার কথা ভাবছেন।
এদিকে, বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে ভর্তি করার কারণে মঙ্গলবার বাড়িতে একাই ছিলেন স্ত্রী মীরা ভট্টাচার্য। আগে কোনওদিনও বাড়িতে একা থাকেননি তিনি। তাই প্যানিক অ্যাটাক হয় তাঁর। এরপর বুদ্ধদেব জায়াকেও হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি ভালো আছেন বলে হাসপাতাল সূত্রে খবর।



