খবর লাইভ : সাগর রানা ধনকরের হত্যার অভিযোগে আগেই গ্রেফতার হয়েছেন দু’বারের অলিম্পিকে পদক জয়ী কুস্তিগীর। এবার রেলের চাকরি থেকেও সাসপেন্ড হলেন সুশীল কুমার।
সময়টা মোটেই ভালো কাটছে না সুশীলের। মঙ্গলবার রেলের তরফে মুখপাত্র দীপক কুমার বলেন, ‘সুশীল কুমারের বিরুদ্ধে খুনের তদন্ত চলছে। সেই কারণেই আপাতত তাঁকে উত্তরাঞ্চল রেলের পক্ষ থেকে সাসপেন্ড করা হল।’
অন্যদিকে লকআপে কিছুই খাচ্ছেন না কুস্তিগীর। নাকের জল, চোখের জলে রীতিমতো দিনরাত এক করে চলেছেন তিনি। এমনই খবর দিল্লির মডেল টাউন পুলিশ সূত্রে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে সুশীল জানিয়েছেন, ছত্রসাল স্টেডিয়ামের কুস্তিগীর সাগরকে তিনি শুধু ভয় দেখাতে চেয়েছিলেন। যদিও ওই কুস্তিগীর মারা যেতেই সুশীলকে আর পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ ১৮ দিন পালিয়ে থাকার পর গত শনিবারই পুলিশের জালে ধরা পড়েছেন সুশীল। তারপর থেকেই অলিম্পিকে দু’বার পদক জয়ী এই রেসলারকে ঘিরে উঠে আসে নানা রকমের চাঞ্চল্যকর তথ্য। দিল্লির খ্যাতনামা গ্যাঙ্গস্টার সন্দীপ কালার সঙ্গে যোগাযোগের কথা গুঞ্জন ছড়ায়। সংবাদমাধ্যম সূত্রে খবর, দিল্লিতে নাকি সুশীলের স্ত্রীর নামে একটি ফ্ল্যাট রয়েছে। আর সেখানে দিনের পর দিন আশ্রয় নিত দুষ্কৃতীরা। দিল্লি পুলিশের নজরে ছিল খ্যাতনামা গ্যাংস্টার সন্দীপ কালা। ওই ফ্ল্যাটে মাঝেমাঝেই এসে থাকত সে। তবে কিছুদিন আগেই নাকি ওই ফ্ল্যাট খালি করে দিতে বলেছিলেন সুশীল। কালা তাতে রাজি হয়নি। এই নিয়ে নাকি তার সঙ্গে বিবাদও হয় ভারতীয় কুস্তিগীরের।
এমনকি মহিলা ঘটিত বিষয়েও নাম জড়ায় সুশীলের। সংবাদমাধ্যম সূত্রে আরও খবর, কোনও এক মহিলার সঙ্গে বেশ ভালোমতোই যোগাযোগ ছিল তাঁর। যে মহিলা ওই ভারতীয় কুস্তিগীরকে সমস্ত রকমের বেআইনি কাজে সাহায্য করতেন। আর ওই মহিলাও হলেন একজন ক্রীড়াবিদ। যিনি এতদিন সুশীলকে গা ঢাকা দিতে সাহায্য করেছিলেন। এই বিষয়টির ওপর বিশেষভাবে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে খুন হওয়া কুস্তিগীর সাগরের বাবা ও মা সুশীলের ফাঁসি চান।



