খবর লাইভ : নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। পরিণত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করে ভীমগতিতে এগিয়ে আসছে ‘যশ’। বর্তমানে দিঘা থেকে ৩২০ কিমি দূরে অবস্থান করছে তীব্র ঘূর্ণিঝড়টি। গতবছর ঠিক এইসময়েই ‘আম্ফান’-এর আস্ফালন দেখেছিল বঙ্গবাসী। ঠিক এক বছরের মাথায় এবার ‘যশ’। আর সেই ঘূর্ণিঝড়ের মোকাবিলায় কড়া হাতে কন্ট্রোল রুম সামলাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, আজ সারারাত নবান্নেই থাকবেন তিনি। আগামিকাল ভোর থেকে নিজের হাতেই সামলাবেন কন্ট্রোল রুম। এদিন তিনি সাংবাদিকদের জানিয়েছেন, আমফান থেকে শিক্ষা নিয়েছি। এবার ৭৪ হাজার সরকারি অফিসার ও কর্মীদের সরাসরি দুর্যোগ মোকাবিলার কাজে নামানো হচ্ছে। মোট ৩ লক্ষ মানুষকে নিয়ে দুর্যোগ পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার কাজ চালানো হবে। প্রয়োজনে নামানো হবে সেনা। দুর্যোগ আমাদের হাতে নেই। আটকাতেও পারব না প্রকৃতিকে। তবে আমি পাহারা দেব আপনাদের। পরিস্থিতি যাই হোক, ভরসা রাখুন। ২৫ ও ২৬ তারিখ আমি রাত জেগে পাহারা দেব। আপনারা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন।’
এনডিআরএফ, এসডিআরএফ, উপকূলরক্ষা বাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনী, কলকাতা ও রাজ্য পুলিশ, হোমগার্ড, সিভিক ভলান্টিয়ার, ডুবুরি, আশা কর্মী, নৌসেনা কার্যত সকলকে নিয়ে যুদ্ধকালীন পরিস্থিতিতে ‘যশ’-এর মোকাবিলায় লড়তে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আবারও সন্ধ্যে ৬টায় সাংবাদিক সম্মেলন করে ‘যশ’ নিয়ে পরবর্তী আপডেট দেবেন বলেও জানিয়েছেন তিনি।



