খবর লাইভ : ‘যশ’ মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে নবান্নে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকর।তাঁর যাওয়ার খবর পেয়েই ১৪ তলা থেকে নীচে নেমে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক প্রধানকে স্বাগত জানাতে নীচে নামেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ও।
নবান্নে গিয়েই সোজা দোতলায় কন্ট্রোল রুমে চলে যান তিনি। মুখ্যমন্ত্রী, বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব দুষ্মন্ত নারিওয়ালা, ওই দফতরের মন্ত্রী জাভেদ খান, স্বরাষ্ট্রসচিব ও মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন ধনকর। মুখ্যসচিব রাজ্যপালকে ‘যশ’ মোকাবিলায় রাজ্যের সার্বিক পরিস্থিতি ও প্রস্তুতি সম্পর্কে সমস্ত তথ্য তুলে ধরেন। অন্য সময় রাজ্যপালের মুখে রাজ্য সরকারের তীব্র সমালোচনা শোনা গেলেও আজ তাঁর সুর কিছুটা নরম ছিল বলা চলে।
কার্যত রাজ্যপালের এই পদক্ষেপ বেনজির। গতবছর আমফান মোকাবিলায় এই পদক্ষেপ নিতে দেখা যায়নি ধনকরকে। নবান্নে যাওয়ার আগে আলিপুর আবহাওয়া দফতরে গিয়েছিলেন রাজ্যপাল। সেখানে পূর্বাঞ্চলীয় প্রধানের কাছে ‘যশ’-এর গতিপ্রকৃতি নিয়ে একটি ভিডিও প্রেসেন্টেজেশন দেখেন তিনি। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল জানান, বিভিন্ন বাহিনীর সঙ্গে রাজ্য সরকার পুরোদমে সক্রিয়তা দেখাচ্ছে। মানুষের যাতে কোনও সমস্যা না হয় তাই নিয়ে আমি মুখ্যসচিবের সঙ্গে কথা বলেছি। এখন আধুনিকতার জেরে পূর্বাভাস বেশিরভাগ ক্ষেত্রেই একেবারে সঠিক হয়। আমি সব খবর নিয়ে আপনাদের পরবর্তী পদক্ষেপ জানাব।
যশ মোকাবিলা নিয়ে কেন্দ্র ও রাজ্যের যৌথ লড়াইয়ের প্রশংসা করেন রাজ্যপাল। তিনি জানান, আজ সকাল থেকেই উপকূলরক্ষীবাহিনীর প্রধান, বিএসএফ কর্তা, নৌসেনার প্রধানের সঙ্গে ফোনালাপ হয়েছে।


