খবর লাইভ : রাজভবন-নবান্ন সংঘাতের আবহেই মঙ্গলবার রাজভবনে রাজ্যপাল সি ভি আনন্দ বোস বৈঠক করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে। বৈঠকে হাজির ছিলেন বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও। রাজ্যপাল আগেই উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানিয়েছিলেন। বৈঠক শেষে রাজযপালকে পাশে বসিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে রাজভবন এবং নবান্ন একসঙ্গে কাজ করবে।
মঙ্গলবার বৈঠকের মাঝেই ছয় উপাচার্য পদত্যাগপত্র জমা দেন আচার্যের কাছে। রাজ্যপাল তাঁদের সেই পদত্যাগপত্র গ্রহণ করে ওই ছয় জনকেই তিন মাসের মেয়াদবৃদ্ধির চিঠি দিয়েছেন। সমস্যা রয়েছে, অথচ মঙ্গলবার রাজভবনে উপস্থিত ছিলেন না, এমন উপাচার্যেরা বুধবার রাজভবনে এসে নিজেদের ইস্তফাপত্র জমা দিয়ে মেয়াদবৃদ্ধির চিঠি নিয়ে যাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
রাজ্যপাল অবশ্য সাংবাদিক বৈঠকে কম কথায় জবাব দিয়ে নিজের অবস্থান জানিয়েছেন। তিনি বলেন, ‘‘শিক্ষার ক্ষেত্রে কোনও দ্বন্দ্ব নয়। বাংলা নিজের শিক্ষা, সংস্কৃতির জন্য বিখ্যাত। আমাদের সকলকে সেই জায়গা ধরে রাখতে হবে। সমন্বয় করে যাতে শিক্ষার অগ্রগতি ধরে রাখা যায়, সেই চেষ্টা করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে আত্মনির্ভর ভারতের কথা বলেন, সেই পথে অগ্রগতি আনতে গেলে শিক্ষায় উন্নয়ন জরুরি।’’




