খবর লাইভ : উত্তরপ্রদেশের হাথরসে পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যু হয়েছে । এই ঘটনার চারদিন পরএই প্রথম প্রকাশ্যে এলেন অভিযুক্ত ধর্মগুরু ভোলে বাবা৷ এর আগে নিজের আইনজীবীর মাধ্যমে বিবৃতি দিয়েছিলেন তিনি৷ ভিডিও বার্তায় ভোলে বাবা ওরফে সুরজ পাল বলেছেন, ভগবান আমাদের এই যন্ত্রণা কাটিয়ে ওঠার শক্তি দিন৷ প্রশাসন এবং সরকারের উপরে ভরসা রাখুন৷ আমার বিশ্বাস, যারা সেদিন বিশৃঙ্খলা তৈরি করেছিল তারা ছাড় পাবে না৷ আমি কমিটির সদস্যদের জানিয়েছি, শোকস্তব্ধ পরিবারগুলির পাশে থাকতে৷ যাঁরা আহত হয়েছেন, তাঁদের চিকিৎসা এবং আজীবন সাহায্য করার জন্য অনুরোধও করেছি৷
এরই মধ্যে ভোলে বাবার অনুগামী দেবপ্রকাশ মধুকরকে দিল্লি থেকে গ্রেফতার করেছে উত্তর প্রদেশ পুলিশ৷ এই নিয়ে পদপিষ্ট হওয়ার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ৭৷ যদিও ধৃতের আইনজীবী এ পি সিং দাবি করেছেন, তাঁর মক্কেল আত্মসমর্পণ করেছেন৷
ভোলে বাবার পায়ের ধুলো নিতে গিয়ে হুড়োহুড়ি থেকেই হাথরসের ওই সৎসঙ্গে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ৷ যদিও ঘটনার পর পুলিশের দায়ের করা এফআইআর-এ নাম ছিল না ভোলে বাবার৷ বরং মূল অভিযুক্ত হিসেবে নাম ছিল এই দেবপ্রকাশেরই৷ দেবপ্রকাশের খোঁজ দিতে পারলে এক লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করেছিল পুলিশ৷এই ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে উত্তর প্রদেশ পুলিশ৷ পাশাপাশি হাইকোর্টের প্রাক্তন একজন বিচারপতির নেতৃত্বে বিচারবিভাগীয় কমিশনও গঠন করেছে উত্তর প্রদেশ সরকার৷




