খবর লাইভ : নারদ কাণ্ডে চার হেভিওয়েটের অন্তর্বর্তী জামিন মঞ্জুর। তবে এই সংক্রান্ত নির্দেশ নিয়ে মতভেদ রয়েছে দুই বিচারপতির। চার হেভিওয়েটের জামিন মঞ্জুর করেছিলেন বিচারপতি অরিজিত্ বন্দ্যোপাধ্যায়। এই নির্দেশের বিরোধিতা করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। ফলে জেল হেফাজত থেকে মুক্তি পেলেও থাকতে হবে গৃহবন্দি অবস্থায়। নতুন বেঞ্চ গঠন না হওয়া পর্যন্ত থাকতে হবে গৃহবন্দি অবস্থায়। এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।
বৃহস্পতিবার নারদ মামলার হাইকোর্টে শুনানি স্থগিত থাকে। শুক্রবার শুনানির শুরুতেই নাটকীয় মোড় নেয় নারদ মামলা। প্রথমে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। কিন্তু তাতে রাজি হননি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। এর পরেই তাঁদের গৃহবন্দি অবস্থায় তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে। পরবর্তী সওয়াল-জবাবে বৃহত্তর বেঞ্চ গঠনের নির্দেশ দেওয়া হয়। পরবর্তী বেঞ্চ গঠন না হওয়া পর্যন্ত চার হেভিওয়েটকে গৃহবন্দি রেখেই তদন্ত চলবে।




