লাইভ : বাংলা বিধানসভার ভোট মেটার পরেই বাংলার সাড়ে সাত লক্ষ কৃষককে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের প্রথম কিস্তির ২ হাজার টাকা করে পাঠিয়েছিল কেন্দ্র। কিন্তু পরবর্তী কিস্তির টাকা যাতে বাংলার কৃষকদের না দেওয়া হয় তার জন্য বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। আর তাঁর ওই চিঠি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।
বাংলার ক্ষমতা দখল করতে না পেরে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই রাজ্য বিজেপি সভাপতি ওই চিঠি পাঠিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। যদিও দিলীপের ব্যাখ্যা, ‘কৃষকদের আর্থিক সাহায্য দেওয়ার ক্ষেত্রে রাজ্যে দুর্নীতি হতে পারে বলে আশঙ্কা থাকছে। তাই সঠিক উপভোক্তারা যাতে পিএম কিষাণ সম্মান নিধির টাকা পায় তা নিশ্চিত করতেই প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। সঠিক তালিকা তৈরির জন্য রাজ্যে কেন্দ্রীয় মন্ত্রীদের একটি দল পাঠানোর দাবি জানিয়েছি।’
সদ্য সমাপ্ত বিধানসভা ভোটের প্রচারে রাজ্যে এসে বার বার পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে রাজ্যের কৃষকরা অন্তর্ভুক্ত না হওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন মোদি থেকে শুরু করে শাহ-নাড্ডারা। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৮ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। বিধানসভা ভোটের পরেই সেই প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে রাজ্যের গরিব কৃষকদের পিএম কিষাণ সম্মান নিধির টাকা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
সেই চিঠির পরেই রাজ্যের প্রায় সাড়ে সাত লক্ষ কৃষককে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের প্রথম কিস্তি হিসেবে ২ হাজার টাকা করে পাঠায় কেন্দ্র। কিন্তু এদিন দিলীপ প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়ে পরবর্তী কিস্তির টাকা না পাঠানোর অনুরোধ জানিয়েছেন। চিঠিতে তিনি লিখেছেন, ‘রাজ্য সরকার কৃষকদের যে তালিকা পাঠিয়েছে তা যেন ভালোভাবে পরীক্ষা করে দেখা হয়। কেননা, রাজনৈতিক কারণে বাংলায় সুবিধা পাওয়ার যোগ্য অনেক কৃষককে তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। তাই কেন্দ্রীয় মন্ত্রীদের রাজ্যে পাঠিয়ে কথা বলে একটি তালিকা তৈরি হোক। ওই তালিকা তৈরি না হওয়া পর্যন্ত আর্থিক অনুদান পাঠানো বন্ধ রাখা হোক।’




