খবর লাইভ : নারদ কাণ্ডে ধৃত ফিরহাদ হাকিম- সুব্রত মুখোপাধ্যায়- মদন মিত্র- শোভন চট্টোপাধ্যায়ের জেলমুক্তি ফের পিছল। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে জামিন স্থগিতাদেশের রায় পুনর্বিবেচনার আর্জি সংক্রান্ত মামলার শুনানি থাকলেও অনিবার্য কারণবশতঃ সেই শুনানি হয়নি। শুধু তাই নয়, এদিনই যাতে নতুন বেঞ্চ গঠন করে দ্রুত শুনানির ব্যবস্থা করা হয়, সেই আর্জি জানিয়েছিলেন অন্যতম ধৃত মদন মিত্র। কিন্তু তাঁর আর্জি নাকচ করে দেওয়া হয়। হাইকোর্ট সূত্রে খবর, শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেই হবে ওই মামলার শুনানি।
গত সোমবার সকালে নারদ কাণ্ডে আচমকাই তৃণমূলের তিন নেতা ফিরহাদ, সুব্রত, মদন ও প্রাক্তন তৃণমূল নেতা শোভনকে গ্রেফতার করেছিল সিবিআই। ওইদিন সন্ধ্যায় অবশ্য চারজনকেই জামিন দিয়েছিলেন সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক অনুপম মুখোপাধ্যায়। স্বস্তি পেয়েছিলেন ধৃত চার নেতার পরিবার। কিন্তু মাত্র কয়েক ঘণ্টাতেই বদলে গিয়েছিল চিত্রটা। রাতেই একতরফা শুনানিতে সিবিআইয়ের আর্জিতে সাড়া দিয়ে চার নেতার জামিনের উপরে বুধবার পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। ফলে জেলেই যেতে হয় চার জনকে। সেই নির্দেশের বিরুদ্ধে মঙ্গলবারই জামিন স্থগিতাদেশের রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন ধৃতেরা।
বুধবার সেই আর্জির শুনানি হয়। এদিনও কলকাতা হাই কোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুনানি ছিল। কিন্তু সকালে কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে জানানো হয়, অনিবার্য কারণবশতঃ এদিন মামলার শুনানি হবে না। আদালত সূত্রে খবর, হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পারিবারিক কারণে বৃহস্পতিবার ছুটিতে ছিলেন। সেই জন্যই শুনানি বাতিল হয়েছে।
শুনানি বাতিলের কথা জানার পরেই মানসিকভাবে ভেঙে পড়েন ধৃত নেতাদের পরিবারের সদস্যরা। তড়িঘড়ি এদিনই অন্য বেঞ্চ গঠন করে দ্রুত শুনানির জন্য আর্জি জানিয়েছিলেন কামারহাটির বিধায়ক তথা প্রাক্তন পরিবহণমন্ত্রী মদনের আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য। মদনের আইনজীবী আবেদনে বলেন, ‘তাঁর মক্কেলের শারীরিক অবস্থা ভাল নয়। ফলে অন্য বেঞ্চে এই মামলার দ্রুত শুনানি হোক।’ কিন্তু সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। পরিবর্তে জানিয়ে দেওয়া হয়, শুক্রবার মামলার শুনানি হবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে।
তবে আইনজীবীরা মনে করছেন, কাল মামলার শুনানি যদি সম্পূর্ণ না হয় কিংবা অন্তর্বর্তী রায় স্থগিত রাখা হয়, তাহলে ফিরহাদদের জেলমুক্তি আরও দীর্ঘায়িত হবে।




