খবর লাইভ : হাইকোর্টে নারদ মামলার শুনানি স্থগিত হয়ে যাওয়া নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিকদের তিনি বলেন, ‘বিচারাধীন বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। কিন্তু ওদের সঙ্গে যা হয়েছে, তার ক্ষমা নেই। ববি (ফিরহাদ হাকিম), সুব্রতদা-সবাইকে আটকে রেখেছে। সঠিক বিচার পাবে। মানুষ এর যোগ্য জবাব দেবে।’
এদিন নবান্ন থেকে ফেরার পথেও ফিরহাদ হাকিমের বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের পরিবহণ মন্ত্রীর মেজ মেয়ে সাবা হাকিমকে সান্ত্বনা দিয়ে বলেন, ‘ভেঙে পড়ো না, মনে জোর রাখো। এটা রাজনৈতিক লড়াই। ববি জামিন পাবেই।’ মুখ্যমন্ত্রী যখন ফিরহাদের বাড়িতে গিয়েছিলেন, তখন বাড়িতে ছিলেন না মন্ত্রী পত্নী। প্রেসিডেন্সি জেলে স্বামীর সঙ্গে দেখা করতে যান তিনি। অবশ্য ফোনে তাঁর সঙ্গেও কথা বলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।




