খবর লাইভ : অতিমারী শেষ হতে না হতেই শুরু মহামারী। বেশ কয়েকদিন ধরেই চোখ রাঙাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। ছত্রাক বাহিত এই রোগকে এবার ‘মহামারী’ হিসেবে ঘোষণা করল রাজস্থান সরকার।
সূত্রের খবর, এই মুহূর্তে রাজস্থানের সোয়াই মান সিং হাসপাতালে সম্পূর্ণ আলাদা একটি ওয়ার্ডে ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত ১০০ জন রোগীর চিকিৎসা চলছে। রাজ্য স্বাস্থ্য সচিব অখিল অরোরা জানান, ‘রাজস্থান এপিডেমিক অ্যাক্ট ২০২০ – র আওতায় এই রোগকে মহামারী হিসেবে চিহ্নিত করা হল। আতঙ্কিত হবেন না। আমরা চেষ্টা করছি কীভাবে জোট বেঁধে এই দুই বিপদের মোকাবিলা করা যায়।’
শুধু রাজস্থান নয়, ব্ল্যাক ফাঙ্গাস হানা দিয়েছে দিল্লি, কর্ণাটক, হরিয়ানা, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ সহ দেশের বেশিরভাগ রাজ্যেই। কয়েকটি রাজ্য থেকে মৃত্যুর খবরও এসেছে। করোনার সঙ্গে এই রোগের কোনও সম্পর্ক নেই ঠিকই তবে করোনা জয়ীদের এই ছত্রাক নিজের শিকার বানাচ্ছে। এই রোগের চিকিৎসায় অ্যামফটেরিসিন বি ইনজেকশন ব্যবহার করা হয়। কিন্তু প্রচন্ড ব্যয়বহুল এই ইনজেকশন। তাই বহু রাজ্যেই এর জোগান নেই। আবার কোথাও কোথাও শুরু হয়ে গেছে কালোবাজারি। বাজার ঘুরে যাতে এই ওষুধ সরকারি হাসপাতালে আসে মধ্যপ্রদেশ সরকার তার নির্দেশ দিয়েছে ওষুধ প্রস্তুতকারী সংস্থাকে।



