খবর লাইভ : নারদ কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। ‘গ্রেফতার’ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। চেতলার বাড়ি থেকে তাঁকে ‘গ্রেফতার’ করেন সিবিআই আধিকারিকেরা। যদিও সিবিআইয়ের দাবি, তাঁকে গ্রেফতার করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে মন্ত্রীকে গাড়িতে তোলার সময় প্রবল উত্তেজনা দেখা দেয় এলাকায়। গাড়ি থেকে নেমে নিজেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি।
সাতসকালে নজিরবিহীন ঘটনা। স্পিকারের অনুমোদন পত্র ছাড়াই ‘গ্রেফতার’ করা হল রাজ্যের মন্ত্রী ফিরহাদকে। এদিন সকাল থেকেই তাঁর বাড়ির সামনে মোতায়েন করা হয় বিশাল কেন্দ্রীয় বাহিনী। তখন থেকেই জল্পনা ছড়ায়, তাহলে কি গ্রেফতার হচ্ছেন ফিরহাদ? সময় গড়াতেই সেই জল্পনাই সত্য হয়ে যায়। মন্ত্রীকে বাড়ি থেকে বের করে ‘গ্রেফতার’ করা হয়।
এদিকে এদিনই নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয় সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে। সিবিআইয়ের অপর একটি সূত্রের খবর ফিরহাদ সহ এঁদের সকলকেই গ্রেফতার করা হয়েছে। তাঁদের সকলের বিরুদ্ধেই আজ নারদ মামলায় চার্জশিট দেওয়া হবে। এছাড়াও চার্জশিট দেওয়া হবে আইপিএস এসএমএইচ মির্জার বিরুদ্ধেও।




