খবর লাইভ : দেশের ৬ হাজার রেলস্টেশনে ওয়াইফাই পরিষেবা শুরু করল ভারতীয় রেল৷ দেশের রেল পরিষেবার ক্ষেত্রে এটি একটি বড় সাফল্য।
কেন্দ্রীয় রেলমন্ত্রক জানিয়েছে, যাত্রী এবং সাধারণ জনগণকে ডিজিটাল সিস্টেমের সঙ্গে যুক্ত করতে দূরদূরান্তের স্টেশনগুলিতে নিখরচায় ওয়াই-ফাই সুবিধার ব্যবস্থা করা হয়েছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতেই এই পদক্ষেপ৷ পূর্ব-মধ্য রেলওয়ের ধানবাদ বিভাগের হাজারিবাগ জেলার অধীনে হাজারিবাগ টাউন রেলস্টেশনে ওয়াই-ফাই চালু হওয়ার সঙ্গে সঙ্গে এই পরিষেবা ৬ হাজার স্টেশনে পৌঁছাল৷ এক স্টেশন থেকে ৫ বছরে ৬ হাজার স্টেশনে এই পরিষেবা চালু হল৷
ভারতীয় রেল ২০১৬ সালে প্রথম মুম্বইয়ে ওয়াই-ফাই সুবিধার যাত্রা শুরু করেছিল৷ এরপরে পশ্চিমবঙ্গের মেদিনীপুরে ৫ হাজারতম রেল স্টেশন হিসেবে পরিষেবা চালু হয় এবং শনিবার ৬০০০তম স্টেশন হিসেবে হাজারিবাগে এই পরিষেবা পৌঁছেছে। এছাড়াও একই দিনে ওড়িশার আঙ্গুল জেলার জারাপদা স্টেশনকেও ওয়াই-ফাই সরবরাহ করা হয়েছে।
রেলমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, রেল স্টেশনগুলিতে ওয়াই-ফাই সুবিধা দেওয়ার মাধ্যমে ভারত সরকারের ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের লক্ষ্যকে পূরণ করছে৷ এটি গ্রামীণ এবং শহুরে নাগরিকদের মধ্যে ডিজিটাল বিভাজনকে সরিয়ে দেবে৷ যার ফলে গ্রামগুলিতে ডিজিটাল লিটারেসি বাড়বে এবং ব্যবহারকারীর অভিজ্ঞতাও বাড়বে৷




