খবর লাইভ : ‘নমস্কার আমি অঞ্জন বন্দ্যোপাধ্যায়, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের স্বাগত।’ এই কণ্ঠ স্বর আর কোনও দিন শোনা যাবে না। কারণ না ফেরার দেশে চলে গেলেন বিখ্যাত সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়। বয়স হয়েছিল ৫৬ বছর। শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। হাসপাতাল সূত্রে খবর, রবিবার রাত ৯টা ২৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জি ২৪ ঘণ্টার সম্পাদক। তাঁর আকস্মিক মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে খবর, গত ১৪ এপ্রিল করোনা আক্রান্ত হন তিনি। কিছুদিন আগেই ভর্তি হন হাসপাতালে। বাড়িতেও ফিরেছিলেন তিনি। এরপর নতুন করে জ্বর আসায় ফের হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। প্রথমে ভেন্টিলেশন এবং পরে একমো সাপোর্ট দেওয়া হয়। রবিবার রাতেই মৃত্যুর কাছে হার মানেন তিনি।
প্রেসিডেন্সি কলেজে বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর। ফাস্ট ক্লাস ফাস্ট। জীবনে অনেক কিছুই করতে পারতেন। তবে পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নিয়েছিলেন অঞ্জন বন্দ্যোপাধ্যায়। কেরিয়ার শুরু হয় আনন্দবাজার পত্রিকায়। এরপর টেলিভিশন দুনিয়ায় পা রাখেন তিনি। ‘ই টিভি’ বাংলা থেকে শুরু হয় নতুন জীবন। তার পর ‘আকাশ বাংলা’। তারপরই যাত্রা শুরু হয় ‘২৪ ঘণ্টা’য়। সান্ধ্য বিতর্কে মানুষের কথা, অভাব-অভিযোগ নিয়ে রাজনৈতিক দলের নেতানেত্রীদের সোজাসুজি প্রশ্ন- অনুষ্ঠানের নাম ‘আপনার রায়’। একটা সময় এমন এলো যখন ‘আপনার রায়’ মানেই দর্শকরা বুঝে যেতেন অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত শো।
উল্লেখ্য, প্রয়াত বিশিষ্ট এই সাংবাদিক রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেজ ভাই।




