খবর লাইভ : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে বিজেপির খারাপ ফল হয়েছে। যা নিয়ে উচ্ছ্বসিত কৃষক নেতারা। এবার তাঁদের ঘোষণা, একইভাবে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনেও বিজেপির বিরুদ্ধে প্রচারে নামছেন তাঁরা। যদিও ২০২২ সালে যোগী রাজ্যে ভোট। কিন্তু লকডাউন উঠলেই তাঁরা গোটা উত্তরপ্রদেশ চষে বেড়াবেন বলে জানালেন বিকেইউ নেতা গুরনাম সিং। তিনি জানান, সংযুক্ত কিষাণ মোর্চার সঙ্গে এই বিষয়ে বৈঠক হয়েছে। পশ্চিমবঙ্গের মতো উত্তরপ্রদেশের ভোটারদের কাছে আমাদের আবেদন থাকবে বিজেপিকে বাদ দিয়ে অন্য যেকোনও দলকে ভোট দিন। বিজেপির ভোটে চোট দিলেই আমাদের উদ্দেশ্য সফল হবে। তিনটি কৃষি আইন প্রত্যাহার না করা পর্যন্ত আমরা আন্দোলন ছাড়ছি না।
উল্লেখ্য তিনটি কৃষি আইনের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করে যাচ্ছেন মূলত পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের কৃষকরা। শীত-গ্ৰীষ্ম-বর্ষা এমনকি করোনা মহামারী পরিস্থিতিতে আক্রান্ত হবার ভয় উপেক্ষা করেই হরিয়ানা সীমান্তে ধরণায় বসে আছেন কয়েক হাজার কৃষক। তাঁদের ভয়, বহুজাতিক সংস্থার উপকার হবে এই নতুন আইনে আর কৃষকরা তাদের ক্রীতদাসে পরিণত হবেন। সেই জন্য তাঁরা প্রাণবাজি রেখে এই আন্দোলন করছেন। যেহেতু আইন আনার ব্যাপারে শাসকদল বিজেপির ভূমিকা বেশি। সেই কারণে বিজেপিকে ভোটে হারিয়ে উচিত শিক্ষা দিতে চাইছেন তাঁরা।




