খবর লাইভ : তল্লাশি অভিযানে গিয়ে টাকার ‘পাহাড়’ দেখে চমকে উঠলেন ভিজিল্যান্স দফতরের আধিকারিকেরা। ওড়িশায় এক সরকারি ইঞ্জিনিয়ারের বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছে।
ইঞ্জিনিয়ারের নাম বৈকুণ্ঠনাথ ষড়ঙ্গী। তিনি রাজ্যের গ্রামোন্নয়ন দফতরে মুখ্য ইঞ্জিনিয়ারের পদে কর্মরত। তাঁর বিরুদ্ধে আয়-বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠছিল অনেক দিন ধরেই। সেই অভিযোগের ভিত্তিতে ইঞ্জিনিয়ারের বাড়িতে হানা দেন ভিজিল্যান্সের আধিকারিকেরা। সূত্রের খবর, তদন্তকারীরা বাড়ি পৌঁছোতেই ওই ইঞ্জিনিয়ার জানলা থেকে রাস্তায় টাকার বান্ডিল ছুড়ে ফেলতে শুরু করেন। ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে ৫০০ টাকার বান্ডিল রাস্তায় পড়তে দেখে স্থানীয়েরাও হতভম্ব হয়ে যান। শোরগোল পড়ে যায় এই ঘটনা ঘিরে।
ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে দু’কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। বিপুল পরিমাণ টাকা গুনতে আনা হয়েছিল যন্ত্রও। তদন্তকারী এক আধিকারিক বলেন, ‘‘তল্লাশি অভিযানে যেতেই ইঞ্জিনিয়ার তাঁর বাড়ির জানলা দিয়ে রাস্তায় টাকা ফেলতে শুরু করেন। তাঁর বাড়ি থেকে আপাতত দু’কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে।’’ জানা গিয়েছে, ইঞ্জিনিয়ারের ভুবনেশ্বরের বাড়ি থেকে এই টাকার ‘পাহাড়’ উদ্ধার হয়েছে।
ভুবনেশ্বর, অঙ্গুল, পিপিলিতে (পুরী) মোট সাতটি জায়গায় তল্লাশি চলছে। ভুবনেশ্বরের বাড়ি থেকে নগদ এক কোটি টাকা উদ্ধার হয়েছে। অন্য দিকে, অঙ্গুল জেলায় ইঞ্জিনিয়ারের আরও একটি বাড়ি থেকে নগদ এক কোটিরও বেশি টাকা উদ্ধার হয়েছে। তদন্তকারীদের সন্দেহ, আরও টাকা উদ্ধার হতে পারে। শুক্রবার সকালে ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশিতে যান ভিজিল্যান্সের আট জন ডেপুটি পুলিশ সুপার, ১২ জন ইনস্পেক্টর, ছ’জন অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর এবং আরও কয়েক জন প্রশাসনিক আধিকারিক।




