খবর লাইভ : দেশে করোনা গ্রাফ যেভাবে বাড়ছে, তাতে আতঙ্কে দেশবাসী। এই পরিস্থিতিতে কিছুটা হলেও স্বস্তি। কারণ একদিনে আক্রান্তের সংখ্যা কমেছে বেশ কিছুটা। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৯ হাজার ৯৪২ জন। তবে দৈনিক মৃত্যুর সংখ্যা সেভাবে কমেনি। একদিনে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৭৬ জনের। একদিনে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৫৬ হাজার ৮২ জন।
এ যেন ঠিক ‘নেই রাজ্যের দেশ’! অক্সিজেন নেই। হাসপাতালে বেড নেই। ভ্যাকসিন নেই। যার কারণে প্রতিদিন হাজার হাজার মানুষও ‘নেই ‘ রাজ্যের বাসিন্দা হয়ে যাচ্ছেন। একাধিক রাজ্যে জ্বলছে শুধু গণচিতা। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কমলেও মৃত্যুর হার বেড়েছে। এখনও পর্যন্ত দেশে প্রাণ হারিয়েছেন ২ লক্ষ ৪৯ হাজার ৯৯২ জন। যেভাবে সংক্রমণ দেশে জাল বিস্তার করছে, তাতে মাইলফলক অতিক্রম করা এখন সময়ের অপেক্ষা বলা যায়।
গত কয়েকদিন ধরে তান্ডব চালাচ্ছে ভাইরাস। যার জেরে টলমলে গোটা দেশ। সাধারণ মানুষ চরম আতঙ্কে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিল্লি, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু সহ একাধিক রাজ্যে পূর্ণাঙ্গ লকডাউন ঘোষণা করা হয়েছে। তাতে ভাইরাসের সুনামিকে কিছুটা আটকানো গেলেও মৃত্যুর সংখ্যা বাড়ছে চড়চড়িয়ে। প্রতিদিনই হাসপাতলে উপচে পড়া ভিড়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে একাধিক রাজ্য। তবে সবকিছুর মধ্যে স্বস্তির খবর একটাই। দীর্ঘদিন বাদে দেশে করোনা রোগীর আক্রান্তের সংখ্যা কমেছে। সুস্থতার হারও বেড়েছে।স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৫৬ হাজার ৮২ জন।



