State

মুকুল নাকি শুভেন্দু? কে হবেন বিধানসভার বিরোধী দলনেতা? সিদ্ধান্তের দায়িত্ব কেন্দ্রীয় পর্যবেক্ষকদের

0
(0)

খবর লাইভ : বাংলায় বিধানসভায় বিরোধী দলনেতা হওয়ার দৌড়ে কে এগিয়ে? শুভেন্দু অধিকারী নাকি মুকুল রায়? নির্বাচনী প্রচারের মতো দলনেতা বাছাইয়ের গুরু দায়িত্বও দেওয়া হয়েছে কেন্দ্রীয় নেতাদের ওপরই।শনিবার রাতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে একটি বৈঠক হয়। বিরোধী দলনেতা বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয় রবিশঙ্কর প্রসাদ ও ভূপেন্দ্র যাদবকে।
নির্বাচনে শুভেন্দুর জয় নিয়ে বিতর্ক রয়েছে। সে অবশ্য অন্য কথা। কিন্তু তিনি যাঁকে হারিয়েছেন, তিনি যে-সে ব্যক্তি নন। তিনি পরাজিত করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি তিনি দীর্ঘদিন রাজ্যের মন্ত্রী ছিলেন। আর অন্যজন অর্থাৎ মুকুল রায়ও বাংলা রাজনীতির চাণক্য বলে পরিচিত। সামলেছেন কেন্দ্রীয় মন্ত্রীর পদও। এই অবস্থায় কে হবেন বঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা? নির্বাচনের ফল বেরিয়েছে প্রায় ৭দিন আগে। এখনও পর্যন্ত সেই মুখ ঠিক করতে পারেনি পদ্ম শিবির। দ্রুত যাতে নাম ঘোষণা করা যায়, তারজন্য কেন্দ্রীয় নেতাদেরই পর্যবেক্ষক নিয়োগ করল বিজেপির শীর্ষনেতারা। তবে শুভেন্দু অধিকারীর নামই এগিয়ে রয়েছে বলে বিজেপি সূত্রে জানা যাচ্ছে।
কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল। তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন। মুকুল কেন নন? বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি এই পদে আসতে চান না। সেটা আগেই তিনি দলকে জানিয়েছেন। তাছাড়া বিরোধী দলনেতাকে যে পরিমাণ দৌড়ঝাঁপ করতে হয় সেটা তিনি করতে পারবেন না। কারণ তিনি ততটা সুস্থ নন। বরং কেন্দ্রীয় নেতা হিসাবে রাজ্যের বিষয়গুলি নিয়ে পরিকল্পনা করবেন তিনি।
নাম চূড়ান্ত করতে বিজেপির নিয়ম অনুসারে, দিল্লির পার্লামেন্ট বোর্ড বসবে। সেখানেই তাঁরা নাম চূড়ান্ত করবেন। কেন্দ্রীয় পর্যবেক্ষক বিধায়কদের সঙ্গে বৈঠক করে নামের প্রস্তাব দেবেন। তারপর তা সর্বসম্মতভাবে গৃহীত হবে। মনে করা হচ্ছে, সোমবারের মধ্যেই বিরোধী দলনেতার নাম ঘোষণা হয়ে যাবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *