খবর লাইভ : জল্পনার ইতি। অসমের মুখ্যমন্ত্রী হচ্ছেন হিমন্ত বিশ্বশর্মা। সোমবার বেলা ১২টায় শপথ নেবেন তিনি। রবিবার দুপুরে হিমন্তের নাম অসমের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষিত হয়েছে।
অসমে মুখ্যমন্ত্রী কে হবেন? সর্বানন্দ সোনোয়াল নাকি হিমন্ত? তা নিয়ে জোর জল্পনা চলছিল। শুক্রবারই দিল্লিতে ডেকে পাঠানো হয় এই দুই হেভিওয়েটকে। এরপর আজও মন্ত্রিসভার বৈঠক হয়। সেখানেই রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে বেছে নেওয়া হয় হিমন্তকে। একইসঙ্গে অসমে বিজেপির বিধানসভা পরিষদের প্রধান হিসাবেও হিমন্তকেই নির্বাচিত করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র সিং তোমার। আজ সকালেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন সর্বানন্দ সোনোয়াল। রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন সোনোয়াল।
অসম বিধানসভা নির্বাচনে ১২৬টি আসনের মধ্যে ৬০টি আসনে জয়লাভ করেছে বিজেপি। অসম গণ পরিষদের সঙ্গে জোট গড়ে সরকার গঠন করতে চলেছে বিজেপি।
স্বরাষ্ট্র দফতর ছাড়া অন্যান্য দফতরে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন হিমন্ত। প্রাক্তন কংগ্রেস এই নেতা নর্থ-ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্সেরও আহ্বায়ক হিসেবে কাজ করেছেন। ২০১৪ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন হিমন্ত। তিনিই মুখ্যমন্ত্রী হবেন কিনা তা নিয়ে গত ২৪ ঘণ্টা জোর জল্পনা চলাকালীন হিমন্ত জানিয়েছিলেন, দল যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই চূড়ান্ত।




