খবর লাইভ : ‘ভয়ঙ্কর করোনা আবহে সংক্রমণ ঠেকানোর থেকেও, সমালোচনার টুইট মুছতে বেশি ব্যস্ত মোদি সরকার। দেশবাসীর প্রতি কেন্দ্রের এই মনোভাব ক্ষমার অযোগ্য।’ এমনই বিস্ফোরক দাবি করল মেডিকেল জার্নাল ‘দ্য ল্যানসেট’।
ভারতের করোনা পরিস্থিতি নিয়ে এর আগে নরেন্দ্র মোদির সরকারকে কাঠগড়ায় তুলেছিল অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং আমেরিকার বেশ কয়েকটি সংবাদমাধ্যম। এবার সেই তালিকায় নাম যোগ হল ল্যানসেটের। ল্যানসেট লিখেছে, হাসপাতালের বেড নেই। শ্মশানে জ্বলছে গণ চিতা। স্বাস্থ্যকর্মীরা বিধ্বস্ত। ভারতের এই দুর্যোগ সত্যিই চোখে দেখা যায় না। অথচ সংক্রমণ হাতের বাইরে চলে যেতে পারে জেনেও, কেন ধর্মীয় ও রাজনৈতিক সমাগমের অনুমতি দেওয়া হল? তা নিয়েও প্রশ্ন তুলেছে মেডিকেল জার্নালটি।
ল্যানসেট আরও লিখেছে, করোনার দ্বিতীয় ঝড়ের আভাস থাকা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়নি ভারত সরকার। মার্চে যখন করোনার গ্রাফ বাড়ছে তখনও ভারতের স্বাস্থ্যমন্ত্রী দাবি করতে থাকেন ভারত করোনার বিরুদ্ধে জয়ের পথে! অথচ তখন আইসিএমআর-এর সার্ভে দাবি করে, দেশবাসীর মাত্র ২১ শতাংশের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। কেন্দ্রের ভ্যাকসিন নীতি এবং টিকাকরণের ধীরমন্থর গতিকেও সমালোচনা করেছে তারা। তাদের দাবি, বহু দেশ যেখানে টিকাকরণ প্রায় সেরে ফেলেছে কিংবা মাঝপথে, ভারতে সেখানে টিকা পেয়েছিল তখন মাত্র ২%।




