খবর লাইভ : কিছুদিন থেকেই শোনা যাচ্ছে নতুন আতঙ্কের কথা। তৃতীয় ঢেউ আসছেই। কোনও ভাবেই আটকানো যাবে না। বরং তা মোকাবিলা করার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। যদিও কেন্দ্রের বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা কে বিজয়রাঘবন দাবি করেন, তৃতীয় ঢেউ আটকানো সম্ভব! তবে এর জন্য যথাযথ সর্তকতা অবলম্বন করতে হবে।
তিনি বলেন, কড়া ব্যবস্থা নিলে দেশের সর্বত্র হয়তো করোনার তৃতীয় ঢেউ রোখা সম্ভব। দেশের কোথাও তৃতীয় ঢেউ ঝাপটাই মারতে পারল না। এমনটাও সম্ভব। কিন্তু সেটা পুরোটাই নির্ভর করছে কতটা কার্যকর ভাবে জেলা, শহর, রাজ্য ও আঞ্চলিক স্তরে কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণ বিধি বলবৎ করা হচ্ছে তার ওপর।
যদিও বিজয়রাঘবন কিছুদিন আগেই বলেছিলেন, ভারতে ব্রিটেন স্ট্রেনের প্রভাব কমে ডবল মিউট্যান্ট স্ট্রেনের প্রকোপ বেড়েছে। সেই কারণেই ঝড়ের গতিতে ছড়াচ্ছে সংক্রমণ। নয়া স্ট্রেন রুখতে ভ্যাকসিন গবেষণায় উন্নতির কথা বলেছিলেন তিনি। দুদিন কাটতে না কাটতেই ডিগবাজি!




