খবর লাইভ : ২০২১ এর বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন রাজ্য থেকে এসেছে অসংখ্য শুভেচ্ছা বার্তা। এবার ওপার বাংলা থেকে অভিনন্দন বার্তা পৌঁছল নবান্নে। মমতার জয়ে তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা এক চিঠিতে আব্দুল মোমেন এই অভিনন্দন জানান। মমতাকে আব্দুল মোমেন লেখেন, ‘তৃণমূল কংগ্রেস ধারাবাহিকভাবে তৃতীয়বারের মতো সরকার গঠনে জনগণের সমর্থন লাভ করেছে, যা আপনার নেতৃত্বের প্রতি পশ্চিমবঙ্গের জনগণের অব্যাহত আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। আমরা আপনার প্রতি কৃতজ্ঞ, কারণ আপনি বাঙালির দীর্ঘ লালিত মূল্যবোধ, ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ নিয়ে চলেছেন।’ মোমেন আরও বলেন, ’বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান। সাম্প্রতিক বছরে দুই দেশের পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো আরও প্রসারিত হয়েছে। অবিভক্ত ইতিহাস, সংস্কৃতি, ভাষা, মূল্যবোধ ও বংশানুক্রমিক সংযোগ দুই দেশের জনগণের সম্পর্ককে অনন্য ও শক্তিশালী করেছে। বিশেষ করে, পশ্চিমবঙ্গের জনগণ বাংলাদেশিদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে রেখেছে।’




