খবর লাইভ : যেখানেই মুখ খুলেছেন বিদ্বেষ উগরেছেন। ফলস্বরূপ কোপ বসেছে তার ট্যুইটার, ফেসবুক বা ইনস্টা অ্যাকাউন্টে। সোশ্যাল মিডিয়ার কাছে বার বার অপমানিত হওয়ার পর এবার নিজেরই একটি ওয়েবসাইট চালু করলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্প। এখানে তিনি যা চান তাই বলতে পারবেন। কারণ, এখানে কেউ তার অ্যাকাউন্ট নিষিদ্ধ করতে পারবেন না। এটাই হবে তার স্বাধীনভাবে বেপরোয়া কথা বলার একমাত্র স্থান। বলা হচ্ছে ,এই ‘কমিউনিকেশন’ ওয়েবসাইটে ডোনাল্ড ট্রাম্পের ডেস্ক থেকে সরাসরি বিষয়বস্তু প্রকাশিত হবে। গত জানুয়ারি মাসে ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের দাঙ্গার পর ট্যুইটার তাকে নিষিদ্ধ করেছে। ট্যুইটারে ট্রাম্পের প্রায় নয় কোটি অনুসারী ছিল। এছাড়া ফেসবুক এবং ইউটিউব ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিয়েছে। তখন থেকেই প্রাক্তন এই মার্কিন প্রেসিডেন্ট প্রেস রিলিজের মাধ্যমে তার বক্তব্য দিয়ে যাচ্ছেন। এখন নতুন ওয়েবসাইটে তার এসব বক্তব্য প্রকাশিত হবে। ব্যবহারকারীরা এখানে পোস্টগুলোতে লাইক দিতে পারবে এবং এগুলো ট্যুইটার এবং ফেসবুকে শেয়ার করতে পারবে।




