খবর লাইভ : তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনের থ্রোনহলে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকড়।
কোভিড পরিস্থিতিতে একেবারে অনাড়াম্বর শপথ গ্রহণ অনুষ্ঠান। অনুষ্ঠানে সব মিলিয়ে ৫০ জন আমন্ত্রিত ছিলেন। তৃণমূলের তরফে রাজভবনে বিশেষ ওই মুহুর্তের সাক্ষী হতে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, সাংসদ অভিনেতা দেব, পার্থ চট্টোপাধ্যায়, নাদিমুল হক, সৌগত রায়ের মত বেশকিছু নেতা। ছিলেন নির্বাচন কুশলী প্রশান্ত কিশোরও।
শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন তাঁর প্রধান কাজ এই মুহূর্তে কোভিড পরিস্থিতি মোকাবিলা করা। পাশাপাশি রাজ্যজুড়ে যে হিংসার ঘটনা ঘটছে সেই প্রসঙ্গেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে যাতে শান্তির পরিবেশ বজায় থাকে, প্রত্যেকটি রাজনৈতিক দলকে সেই আবেদন জানিয়েছেন মমতা। তিনি জানিয়েছেন, আজ থেকে তিনি নিজেই আইন-শৃংখলার দিকে নজর রাখবেন। প্রয়োজন হলে কড়া পদক্ষেপ নিতেও পিছপা হবেন না। সাফ জানিয়ে দিয়েছেন মমতা।
এদিকে শপথবাক্য পাঠ করানোর কয়েক ঘণ্টা আগে টুইটারে তোপ দাগলেন রাজ্যপাল। তিনি লেখেন, “রাজ্যজুড়ে এরকম হিংসার ঘটনা গণতন্ত্রের লজ্জা। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এই অবনতি অবহেলা করার মত নয়।”




