খবর লাইভ : না মমতা, না শুভেন্দু আর না মীনাক্ষী। প্রার্থী হিসেবে এঁদের কাউকেই পছন্দ নয় তাঁদের। কিন্তু তাই বলে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন না? প্রবল গরমকে উপেক্ষা করেও তাই ভোট কেন্দ্রে ঢুকে ইভিএমে টিপে দিয়েছেন নোটার বোতাম। রাজ্যের অন্য কোনও বিধানসভা কেন্দ্র নয়। খোদ নন্দীগ্রামে পড়েছে নোটায় ভোট। আর সেই ভোটের সংখ্যা নেহাতভ কম নয়।
রবিবার ভোট গণনার পর দেখা যায় নন্দীগ্রাম বিধানসভায় মোট ভোটের মধ্যে ১ হাজার ৮৯টি ভোট পড়েছে নোটাতে। হাইভোল্টেজ এই কেন্দ্রে সবমিলিয়ে ভোট গোনা হয়েছে দু লাখ ২৬ হাজার ৩৬১টি। শতাংশ হিসেবে মোট ভোটের ০.৪৮ % নোটাতে ভোট পড়েছে। রবিবার রাতে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে একটি তথ্য প্রকাশ করা হয়। তাতে দেখা যায় প্রথম রাউন্ডে গণনাতেই ৮০জন নোটায় ভোট দিয়েছেন। ১৪ নম্বর রাউন্ডে গিয়ে দেখা যায় সেখানে সবচেয়ে বেশি ভোট পড়েছে নোটাতে।
এমনিতেই ওই কেন্দ্রে শুভেন্দু অধিকারী জিততেই মমতা বন্দ্যোপাধ্যায় কারচুপির অভিযোগ করেছেন। হুঁশিয়ারি দিয়েছেন আদালতে যাওয়ারও। কিন্তু এসবের মধ্যে প্রশ্ন উঠছে, এতগুলো ভোট নোটাতে চলে যাওয়ার বিষয়টি।




