খবর লাইভ : ভোটের হাওয়া ঠাণ্ডা হতে না হতেই উত্তেজনা। রবিবার ফল বেরোতেই রাজ্যের একাধিক জায়গায় অশান্তি, মারধর, বোমাবাজির ঘটনা সামনে আসতে শুরু করেছে। কাঁকুড়গাছিতে এক বিজেপি কর্মীকে মায়ের সামনেই নৃশংসভাবে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শীতলাতলা লেনের বাসিন্দা অভিজিৎ সরকার বিজেপির ট্রেড ইউনিয়নের নেতা ছিলেন বলে বিজেপির দাবি।
ঠিক কী হয়েছে? পরিবারের দাবি, পুলিশের চোখের সামনেই পিটিয়ে মারা হয় অভিজিতকে। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তৃণমূলের দুষ্কৃতীরাই ভাইকে মেরেছে বলে জানিয়েছেন তাঁর দাদা বিশ্বজিৎ সরকার।
পরেশ পাল জিততেই এই হামলা চালানো হয় বলে অভিযোগ মৃতের পরিবারের। এমনকি হামলার সময় ফেসবুক লাইভেও অভিযোগ জানিয়েছিলেন অভিজিত। ওই ফেসবুক লাইভে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘স্বপন সমাদ্দার ও পরেশ পালের নেতৃত্বে তৃণমূলের লোকজন নারকেলডাঙা পুলিশের সামনে বাড়ি-ঘর সব ভেঙে দিল।’ এমনকি তাঁর পোষা কুকুরকেও পিটিয়ে মারা হয়েছে বলে ওই ফেসবুক লাইভে অভিযোগ জানান তিনি।
বাড়িতে যে সিসিটিভি বসানো ছিল, প্রমাণ লোপাটের জন্য তাও ভেঙে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। পবিরারের বক্তব্য, এই পরিস্থিতিতে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ইতিমধ্যেই থানায় অভিযোগ জানিয়েছে তাঁরা। অভিযোগ জানাবেন নির্বাচন কমিশনেও।




