খবর লাইভ: হলদিয়ার জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। বিধায়ককে হেনস্থা করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে হলদিয়ার ২৪ নম্বর ওয়ার্ডে।
কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তাও দেখা নেই কোনও বিধায়কের। এই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাপসী মণ্ডলের অভিযোগ, বিক্ষোভের পিছনে উস্কানি রয়েছে তৃণমূল কংগ্রেসের। তবে অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল।
তবে গেরুয়া শিবিরের কারও দেখা না মিললেও শাসকদলের তরফে সাহায্য মিলেছে বলেও জানিয়েছেন হলদিয়া পুর এলাকার বাসিন্দারা। হলদিয়া ২৪ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা বলেন, “ভোট দিয়ে BJP-র প্রতিনিধিকে বিধায়ক করেছি আমরা। অথচ তাঁর দেখা ছিল না এতদিন। শাসকদল প্রথমে মুখ ফিরিয়ে থাকলেও পরে শাসকদলের প্রতিনিধিরাই ত্রাণ দেওয়া থেকে নিরাপদ আশ্রয় দেওয়ার ব্যবস্থা করেছে।”




