খবর লাইভ : শুধু পশ্চিমবঙ্গ নয়। আজ গোটা দেশের ৪টি রাজ্যে লড়াই। এই ৪ রাজ্য হল অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরি। শেষ বাজিমাত কে করবে, কারা পাবে রাজ্যের মসনদ? নজর সবার।
অসমে মোট তিন দফায় মোট ১২৬টি আসনে ভোটগ্রহণ হয়েছে। সংখ্যা গরিষ্ঠতা লাভে প্রয়োজন ৬৪টি আসন। আজই ভাগ্য নির্ধারণ হবে মোট ৯৪৬ জন প্রার্থীর। উল্লেখ্য, ২০১৬ সালে অসমে ক্ষমতায় আসে বিজেপি, তার আগে ক্ষমতায় ছিল কংগ্রেস। এবারের লড়াইও বিজেপি বনাম কংগ্রেস জোটের।
চার রাজ্যের মধ্যে কেরলেরও ভাগ্যপরীক্ষা আজ। এলডিএফ ও ইউডিএফের মধ্যে প্রধান লড়াই হলেও মেট্রোম্যান ই শ্রীধরনকে সামনে রেখে এ বার নতুন প্রতিদ্বন্দ্বী হিসাবে উঠে এসেছে বিজেপিও। এক দফাতেই ১৪০টি আসনে ভোট গ্রহণ পর্ব সাড়া হয়েছে। এবার অপেক্ষা ফলাফলের। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, কংগ্রেস নেতা ওম্মেন চণ্ডী, কে সুরেন্দ্রন সহ মোট ৯৫৭ জন প্রার্থীর ভাগ্য জানা যাবে আজই।
২৩৪টি আসনে ভোট গ্রহণ শেষ তামিলনাড়ুতে। ২০১৬ সালে দ্বিতীয়বারের জন্য গদি দখল করেছিল শাসক দল এআইএডিএমকে। এবারের বিধানসভা নির্বাচনেও প্রধান লড়াই মুখ্যমন্ত্রী ইকে পালানিস্বামীর এআইএডিএমকে বনাম বিরোধী নেতা এমকে স্ট্যালিনের ডিএমকের। দুই প্রধান দলের সঙ্গেই জোট বেঁধে তামিলনাড়ুর নির্বাচনী ময়দানে নেমেছে বিজেপি ও কংগ্রেস। মোট চার হাজার প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ। কে করবে শেষ বাজিমাত, ফলাফল স্পষ্ট হয়ে যাবে বিকেলের মধ্যেই।
সি ভোটারের বুথফেরত সমীক্ষা বলছে, পুদুচেরিতে পাল্লা ভারী এনডিএ শিবিরের। যদিও এখনই বুথ ফেরত সমীক্ষা নিয়ে বাড়াবাড়ি করছে না পদ্ম শিবির। এক্সিট পোলে নয়, এক্স্যাক্ট ফলের দিকেই তাকিয়ে তারা।




