খবর লাইভ : ফলাফলের প্রাথমিক ট্রেন্ড। যাতে পরিষ্কার তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় আসছে তৃণমূল। যা দেখে খুশি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ফলাফলের ট্রেন্ড দেখে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন শরদ পাওয়ার ও অখিলেশ যাদব।
বেলা যত গড়াচ্ছে, ততই পরিষ্কার হচ্ছে ছবিটা। সূর্য মধ্যগগনে উঠতেই শুরু বিজয় উল্লাস। ফলাফলের প্রাথমিক ট্রেন্ডে খুশি মমতা। দলের নেতাকর্মীদের দিলেন চাঙ্গা হওয়ার বার্তা। তৃণমূল সূত্রে খবর, কর্মীদের উদ্দেশ্যে নেত্রী জানিয়েছেন, রাজ্যে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় ফিরবে তৃণমূল। ভোটকুশলী প্রশান্ত কিশোর আগেই জানিয়েছিলেন, রাজ্যে ২০০ গন্ডি পার করে যাবে তৃণমূল। ফল বেরোতেই দেখা গেল সেই হিসাবই মিলে যেতে চলেছে অক্ষরে অক্ষরে। দুপুর ২টো পর্যন্ত তূণমূল ২০৫টি আসনে এগিয়ে। সেখানে বিজেপি এগিয়ে রয়েছে ৮৪টি আসনে।
অন্যদিকে, যে কেন্দ্রের দিকে সবার নজর, সেই নন্দীগ্রামে অবশ্য এখনও চলছে সাপ লুডোর লড়াই। কখনও এগিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও আবার শুভেন্দু অধিকারী। শেষ হাসি কে হাসেন, তা জানতে আর কিছু সময়ের অপেক্ষা।




