খবর লাইভ : করোনা আবহে সোশ্যাল মিডিয়াতে এই সংক্রান্ত অভিযোগ জানানোকে কোনও ভাবে আটকানো যাবে না। এই ধরনের যদি কোনও পদক্ষেপ নেওয়া হয় তাহলে তা সুপ্রিম কোর্টকে অবমাননা হিসাবে বিবেচনা করা হবে। এমনটাই জানিয়েছে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এল নাগেশ্বর রাও ও রবীন্দ্র ভাটের একটি বেঞ্চ।
বিচারপতি চন্দ্রচূড় জানিয়েছেন, নাগরিকরা যদি সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটে অভিযোগ জানায় তাহলে তাকে ভুল তথ্য হিসাবে তুলে ধরা যেতে পারে না। এই তথ্যের উপর কোনও রকম নিষেধাজ্ঞা নেমে আসুক তা তাঁরা চান না। সমস্ত রাজ্য ও রাজ্যের ডিজিপিদের কাছে কঠোর বার্তা দেওয়া হয়েছে এই বিষয়ে। তথ্যের উপর নিষেধাজ্ঞা মৌলিক অধিকারকেই কার্যত খর্ব করে। এমনটাই জানিয়েছেন বিচারপতি চন্দ্রচূড়।
সুপ্রিম কোর্টের এই নির্দেশের পিছনে রয়েছে উত্তর প্রদেশের একটি ঘটনা। অভিযোগ সোশ্যাল মিডিয়ায় অভিযোগের কথা, নিজেদের দুর্দশার কথা শেয়ার করার পরেই ওই ব্যক্তির বাড়িতে পুলিশ হাজির হয়। তাঁকে নানাভাবে হেনস্থা করা হয় বলেও অভিযোগ। এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের এদিনের পর্যবেক্ষণ নিঃসন্দেহ তাৎপর্যপূর্ণ ৷



