খবর লাইভ : ভারতে ক্রমবর্ধমান করোনা সংকট দেখে এবার টুইটারে উদবেগ প্রকাশ করলেন Google সিইও সুন্দর পিচাই । শুধু তাই নয়। এই সংকটকালীন পরিস্থিতিতে সব রকম সাহায্যের আশ্বাসও দেন পিচাই।
গুগলের তরফে ঘোষণা করা হয়েছে, সংস্থার তরফে ভারতে করোনা মোকাবিলা করতে ১৩৫ কোটি টাকা দেওয়া হবে। এই টাকা সরাসরি ভারত এবং ভারতকে সাহায্য করার জন্য ইউনিসেফকে দেওয়া হবে। ভারতে করোনা মোকাবিলার জন্য কিছু সরঞ্জাম ইউনিসেফ ভারতের জন্য জোগাড় করে দেবে। এছাড়াও গুগলের কর্মীরাও ভারতের পাশে দাঁড়াচ্ছেন। ৯০০ কর্মী ইতিমধ্যেই প্রায় ৩ কোটি ৭০ লক্ষ টাকা দান করেছেন। আর্থিক অনুদান ছাড়াও প্রযুক্তিগত সাহায্যও করবে গুগল। সুন্দর পিচাই এদিন টুইটারে লেখেন, ‘ভারতের ক্রমবর্ধমান কোভিড সংকট দেখে আমি বিপর্যস্ত।’ অন্যদিকে মাইক্রোসফ্টের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা ভারতের বর্তমান পরিস্থিতিকে হৃদয়বিদারক বলেছেন। তিনিও আশ্বাস দিয়েছেন যে, এই চরম সংকটজনক সময়ে ভারতকে প্রযুক্তিগত সমস্ত সাহায্য এবং তার পাশাপাশিই অক্সিজেন সিলিন্ডার কেনার জন্যও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন সত্য নাদেলা এবং তাঁর সংস্থা Microsoft।
একটি টুইটের মাধ্যমে আমেরিকান সরকারকেও ধন্যবাদ জানিয়েছেন সত্য নাদেলা। টুইটে তিনি লিখছেন, ‘ভারতের বর্তমান কোভিড পরিস্থিতিতে আমার মন ভেঙে গিয়েছে! আমেরিকান সরকার এই কঠিন সময়ে যেভাবে ভারতের পাশে দাঁড়িয়েছে, তাতে আমি আমেরিকার সরকারের কাছে কৃতজ্ঞ।



