খবর লাইভ : করোনার দ্বিতীয় ঢেউ। সংক্রমনের ভয়ে রাস্তা মুখো হচ্ছেন না অনেকেই। আর যারা বেরুচ্ছেন, তাদের সংখ্যাও নেহাত কম নয়। কিন্তু করোনা আর ভোটের জন্য রাস্তা থেকে কমেছে বাস-মিনিবাস-ট্যাক্সি-ক্যাব। ট্রেনের অধিকাংশ চালক ও গার্ড করোনা আক্রান্ত। যার জেরে কমেছে লোকাল ট্রেনও। গণপরিবহন কমলেও সেই অনুপাতে কমেনি যাত্রীসংখ্যা। ফলে দূরত্ববিধি এক কথায় সিকেয় উঠেছে।
একদিকে করোনা আর অন্যদিকে ভোট। এই দুয়ের কোপে রাস্তা থেকে উধাও সরকারি-বেসরকারি বাস। যার মাশুল দিতে হচ্ছে নিত্যযাত্রীদের। পরিসংখ্যান বলছে, সরকারি বাস আগে চলত ৮৫০ টি। সেখানে এখন চলছে ৪০০ টি। বেসরকারি বাস চলত ২৫০০ টি। সেখানে এখন চলছে ১২০০ টি। অনলাইন অ্যাপ ক্যাব চলত ৬৫০০ টি। বর্তমানে চলছে ৩৫০০ টি। কমেছে ট্যাক্সি সংখ্যা ও। একেবারে ১২ হাজার থেকে কমে ৭ হাজার হয়েছে। হাওড়া শিয়ালদা ডিভিশনে লোকাল কমেছে ৫২ টি।
শহরের লাইফ লাইন মেট্রোতেও যাত্রী সংখ্যা কমেছে উল্লেখযোগ্যভাবে। ১৩ এপ্রিলের পর এখনো পর্যন্ত কলকাতা মেট্রো যাত্রীসংখ্যা আড়াই লক্ষ পৌঁছয়নি। যদিও এর আগে প্রায় রোজই গড়ে ২ লক্ষ ৭০ হাজারের কাছাকাছি যাত্রী মেট্রোয় যাতায়াত করতেন। বর্তমান পরিস্থিতি দেখে রাজ্য বাস যাত্রী সমিতির সাধারণ সম্পাদক শ্যামল চট্টোপাধ্যায় বলেন, “জন স্বাস্থ্যবিদরা সবসময়ই নিরাপদ দূরত্ব বজায় রাখার কথা বলছেন। কিন্তু প্রশাসনের সেদিকে নজর নেই। সাধারণ যাত্রীদের কথা কেউ ভাবেনা।”



