খবর লাইভ : কোভিড পরিস্থিতি মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স গঠন রাজ্য সরকারের। রাজ্য সরকারের তরফ থেকে এদিন ছয় সদস্যের একটা টাস্কফোর্স গঠন করা হয়েছে। যার মাথায় রাখা হয়েছে রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। এরা গোটা রাজ্যের করোনা পরিস্থিতি খতিয়ে দেখবে। সেই মতো পরবর্তী পদক্ষেপ নেবে রাজ্য সরকার। এদিনই সব রাজ্যের জেলাশাসক দের সঙ্গে বৈঠক করবেন মুখ্য সচিব। সেখানে জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে অক্সিজেনের যোগান সহ সব বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।
শুক্রবার গোটা দেশের কোভিড পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। বৈঠকে এরাজ্যের মুখ্যমন্ত্রী না থাকলেও প্রতিনিধিত্ব করছেন মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিব। সেই আলোচনায় অন্যতম প্রধান বিষয় ছিল গোটা দেশের অক্সিজেনের যোগানের অভাব। একইসঙ্গে করোনা বেডের আকালের বিষয়টিও এদিন আলোচনায় আসে। যডিও রাজ্য সরকারের তরফ থেকে বেডের বিষয়টি পর্যালোচনা করার জন্য একটি বিশেষ টাস্কফোর্স করা হয়েছে। মুখ্য সচিব নিজে জেলা থেকে শুরু করে সমস্ত সরকারি হাসপাতালে সুপারের সঙ্গে বৈঠক করেছেন। কথা বলেছেন বেসরকারি হাসপাতালে আধিকারিকদের সঙ্গেও। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন যে বিষয়টি কে নিয়ে তাহল অক্সিজেনের যোগান। এক্ষেত্রে রাজ্য যাতে কোনো সঙ্কট না হয় সেই জন্য আগেভাগেই একটি টাস্কফোর্স গঠন করল। এই টাস্কফোর্স প্রত্যেকদিন জেলা ভিত্তিক অক্সিজেন পরিমাণের খোঁজ নেবে। যাতে গোটা রাজ্যে অক্সিজেনের যোগান ঠিক থাকে সে বিষয়ে পদক্ষেপ নেবে।




