State

জঙ্গিপুর-সামশেরগঞ্জের ভোট পিছিয়ে ১৬ মে, গণনা ১৯ তারিখ

0
(0)

খবর লাইভ : চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত সংখ্যালঘু অধ্যুষিত দুই বিধানসভা আসন জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ভোটের দিনক্ষণ বদলাল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকালে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য ইদের দিন ১৩ মে নয়, ওই দুই আসনে ভোট হবে ১৬ মে। আর ভোট গণনা হবে ১৯ মে। ভোট প্রক্রিয়া ২১ মে’র মধ্যে শেষ করতে হবে।

আগামী ২৬ এপ্রিল সপ্তম দফায় মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু আচমকাই বিপত্তি ঘটে। গত ১৫ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে মারা যান সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ওরফে মন্টু। পরের দিন ১৬ এপ্রিল মারা যান জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী। দুই প্রার্থীর মৃত্যুর পরেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোট স্থগিত রাখার কথা জানানো হয়। পরে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, ১৩ মে ওই দুই আসনে ভোট নেওয়া হবে। গণনা হবে ১৮ মে।

কমিশনের এমন সিদ্ধান্ত ঘিরে সমালোচনার ঝড় ওঠে। কেননা, ওই দিন মুসলিমদের অন্যতম প্রধান পার্বন ইদ রয়েছে। সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরের মতো সংখ্যালঘু অধ্যুষিত আসনে সম্ভাব্য ইদের দিনে ভোট করার পিছনে কমিশনের সাম্প্রদায়িক মনোভাব স্পষ্ট হয়ে উঠেছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা অভিযোগ করেছিলেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও কমিশনের সিদ্ধান্তে ক্ষোভ উগরে দিয়েছিলেন। সংযুক্ত মোর্চা সহ একাধিক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে দুই আসনের ভোটের দিনক্ষণ পিছিয়ে দেওয়ার জন্য কমিশনের কাছে অনুরোধ জানানো হয়েছিল।

সেই আর্জির পরেও গড়িমসি করছিলেন নির্বাচন কমিশনের শীর্ষকর্তা ও আধিকারিকরা। শেষ পর্যন্ত সমালোচনার মুখে পড়ে এবং সাম্প্রদায়িক তকমা মুক্ত হতে এদিন দুই কেন্দ্রের ভোটগ্রহণ ৭২ ঘণ্টা পিছিয়ে দিয়েছেন তাঁরা। ইতিমধ্যেই দুই আসনের জন্য নয়া প্রার্থীর নাম ঘোষণা করেছে সংযুক্ত মোর্চা। সামশেরগঞ্জে কংগ্রেস প্রার্থী হচ্ছেন প্রয়াত রেজাউলের স্ত্রী রোকেয়া খাতুন এবং জঙ্গিপুরে আরএসপি প্রার্থী হচ্ছেন জানে আলম।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *