খবর লাইভ: চেনা ছকেই শুরু হল পঞ্চম দফার ভোট গ্রহণ। কোথাও ছাপ্পা ভোটের অভিযোগ, কোথাও আবার ভোটদানে বাধা। পঞ্চম দফার ভোট শুরু হতেই সকাল থেকে কল্যাণীর বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। গয়েশপুরে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখান ভোটাররা।
ভোটারদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাস্তা ঘিরে রেখেছে। ভোট দিতে দেওয়া হচ্ছে না। ‘তোমাদের ভোট হয়ে গিয়েছে। বাড়ি চলে যাও।’ অভিযোগ এমনই বলা হচ্ছে ভোটারদেরকে। এক বৃদ্ধর দাবি, সকালে ভোটের লাইনে দাঁড়িয়ে ছিলেন। একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী সেখানে আসে। তারপর তাঁকে বলা হয় বাড়ি চলে যেতে। কারণ তাঁর ভোট হয়ে গিয়েছে। ওই এলাকায় বেশ উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে আসে কুইক রেসপন্স টিম। দ্রুত আসে কেন্দ্রীয় বাহিনীও।




