খবর লাইভ : মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর সন্তোষজনক না হওয়ায় সোমবার রাত আটটা থেকে মঙ্গলবার রাত আটটা পর্যন্ত ২৪ ঘন্টার জন্য তৃণমূল সুপ্রিমোর ভোট প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। এই খবর প্রকাশে আসতেই এই নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষ। তিনি বলেন,’বিজেপির শাখা সংগঠন নির্বাচন কমিশন, স্বেচ্ছাচারী ও হিটলারি কায়দায় ভোট করতে চাইছে। যেখানে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনী তারা বুলেটের ডগায় মানুষকে আতঙ্কিত করতে চাইছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বারবার প্রতিবাদের আওয়াজ তুলেছিলেন বলে বিজেপির শাখা সংগঠন নির্বাচন কমিশন অত্যন্ত কুৎসিতভাবে তার কণ্ঠরোধ করার চেষ্টা করল। যেখানে রাহুল সিনহা, দিলীপ ঘোষ, সায়ন্তন বসু তারা প্রত্যেকে বারবার প্ররোচনামূলক কথা বলে যাচ্ছেন। এবং অত্যন্ত কুৎসিতভাবে ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে, সেখানে যিনি প্রতিবাদ করছেন তাকে বিজেপির রাজনীতি দিয়ে থামানোর চেষ্টা করা হল। এই অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না। বাংলার মানুষ ভোটের মাধ্যমে এর জবাব দেবেন। নির্বাচন কমিশন বিজেপির শাখা সংগঠনের ভূমিকা পালন করে চলেছে।
এদিকে কমিশনের এই ঘোষণার কথা প্রকাশ্যে আসতেই তৃণমূলের তরফ থেকে তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন জানিয়ে দেন। ১২ ই গণতন্ত্রের জন্য কালো দিন। নির্বাচন কমিশন চূড়ান্ত আপস করেছে। তারা এখন মোদি-শাহ কমিশন। আমরা সব সময় জানতাম বাংলায় আমরা জিতছি।
এদিকে কমিশনের এই সিদ্ধান্তের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানিয়েছেন। নির্বাচন কমিশনের অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক সিদ্ধান্তের কারণে মঙ্গলবার দুপুর ১২ টা থেকে গান্ধি মূর্তির পাদদেশে ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়।




