খবর লাইভ : ত্রিপুরা উপজাতি এলাকাভুক্ত স্বায়ত্ত্বশাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) কয়েকটি জায়গায় ১৪৪ ধারা জারি করেছে রাজ্য প্রশাসন। বিজেপি ও তার মিত্রশক্তি ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা (আইপিএফটি) জেলা পরিষদ নির্বাচনে হারার পর ভয়াবহ হিংসা ছড়িয়ে পড়ে। তারপর এমন সিদ্ধান্ত নেওয়া হয়। ত্রিপুরা ইন্ডিজেনাস প্রোগ্রেসিভ রিজিওনাল অ্যালায়েন্স (টিআইপিআরএ) একতরফা ভাবে ২৮টি আসনের মধ্যে ১৮টিতে জয়ী হয়েছে। বিজেপি পেয়েছে ১৪টি আসনের মধ্যে ৯টি আসন এবং তাদের মিত্র শক্তি আইপিএফটি খাতা খুলতে পারেনি। প্রেস কনফারেন্সে পশ্চিম জেলা ম্যাজিস্ট্রেট ড: শৈলেশ কুমার যাদব বলেন, নির্বাচন-উত্তর হিংসার ঘটনার জন্য জিরানিয়া ও মোহনপুর সাব-ডিভিশনে ১৪৪ ধারা থাকবে। তিনি আরও বলেন, মানুষের জীবন, সম্পত্তি ও শান্তি রক্ষা করতে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি দ্রুত সমাধান কামনা করেছেন। একইভাবে খোয়াই, গোমতি, দক্ষিণ ত্রিপুরা ও ধলাই জেলার ম্যাজিস্ট্রেটও এডিসি এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে নানা রকম নিষেধাজ্ঞা চাপিয়েছে।
এদিকে, বিজেপির প্রতিনিধিরা পুলিশের ডিরেক্টর জেনারেল ভি এস যাদবের সঙ্গে সাক্ষাৎ করে আশু পদক্ষেপ নিয়ে রাজ্যের আইন-শৃঙ্খলা স্থিতিশীল করার দাবি করেছেন। ত্রিপুরার বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, ‘আমরা দেখেছি যে, এডিসির ঘোষণার পর বিজেপি সমর্থকদের অফিস, দোকান ও বাড়ি ভাঙচুর করা হয়েছে। এই হিংসাকে কোনও রাজনৈতিক দলের উৎসাহিত করা উচিত নয়।’ আগে নির্বাচনে জিতে টিআইপিআরএর চেয়ারম্যান প্রদ্যোৎ কিশোর দেববর্মন সতর্ক করেছিলেন যে, যারা হিংসায় প্ররোচনা দিয়েছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে। যদিও ১৪৪ ধারা জারি আছে, তবে বড় ধরনের কোনও হিংসার খবর আপাতত নেই।




