খবর লাইভ : চতুর্থ দফার ভোটে দিন উদ্ধার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ। শোয়ার ঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় দেহ। ঘটনাকে ঘিরে প্রবল উত্তেজনা হাওড়া উলুবেরিয়ার শ্যামসুন্দর চকের দশ ভাগাতে। ভোট আবহে এই নিয়ে পাঁচজন বিজেপি কর্মীর দেহ উদ্ধার হল।
মৃতের নাম নন্দ নস্কর। পরিবার সূত্রে খবর, শুক্রবার গভীর রাত পর্যন্ত দলের কাজে বাইরে ছিলেন। অনেক রাতে বাড়ি ফিরে স্নান করে খাবার খান। তারপর নিজের ঘরে শুতে চলে যান। সকালে দীর্ঘক্ষন ডাকাডাকির পর দরজা না খোলায় সন্দেহ দানা বাঁধে। এরপর জানালা দিয়ে দেখা যায় নন্দর ঝুলন্ত দেহ। ঘটনাস্থলে যায় হাওড়া জেলা গ্রামীণ বিজেপি সভাপতি তথা উলুবেরিয়া পূর্ব কেন্দ্রের প্রার্থী প্রত্যুষ মন্ডল।
উল্লেখ্য এর আগে ২৪ মার্চ দিনহাটায় অমিত সরকার নামে এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তার কয়েক দিন যেতে না যেতেই ২৯ মার্চ পশ্চিম মেদিনীপুর সালবনি তে উদ্ধার হয় বিজেপি কর্মীর দেহ। ১ এপ্রিল নন্দীগ্রামে ভোট গ্রহণের আগের দিন ভেকুটিয়াতে উদ্ধার হয় উদয় দোঁহে নামে এক বিজেপি কর্মীর দেহ। ৫ তারিখ উত্তর দিনাজপুরের ডালখোলা করণদিঘি এলাকায় গামছায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় বিজেপি কর্মীর দেহ। ১০ তারিখ চতুর্থ দফার দিনই উদ্ধার হলো নন্দ নস্কর নামে এক বিজেপি কর্মীর দেহ।




