খবর লাইভ : বছর ঘুরতে না ঘুরতেই ফের ফি বৃদ্ধি করছে বেসরকারি স্কুলগুলি ৷ প্রতিটি শ্রেণির জন্য ১৯ থেকে ২০ শতাংশ হারে বাড়ানো হয়েছে ফি৷ এখনও পর্যন্ত করোনা অতিমারি বিদায় নেয়নি ৷ অধিকাংশ শ্রেণিতেই পঠনপাঠন চলছে অনলাইনে৷ তবু কেন এত বেশি পরিমাণে ফি বৃদ্ধি ? এই প্রশ্ন তুলে এবং ফি বৃদ্ধির প্রতিবাদে সোমবার কলকাতার সাউথ পয়েন্ট স্কুলের সামনে বিক্ষোভে সোচ্চার হন অভিভাবকরা ৷ তাঁদের দাবি, কর্তৃপক্ষকে তাঁদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করতে হবে ৷ অথবা সামনা-সামনি বৈঠকের জন্য সময় দিতে হবে ৷
গত বছর করোনা আবহে ফি বৃদ্ধির প্রতিবাদে ও ফি মকুবের দাবিতে রাজ্যের বেসরকারি স্কুলগুলিতে লাগাতার বিক্ষোভ দেখিয়েছিলেন অভিভাবকরা৷ অন্যান্য স্কুলের মতো বিক্ষোভে সোচ্চার হয়েছিলেন সাউথ পয়েন্ট স্কুলের অভিভাবকরাও৷ প্রতি বছর ১০ শতাংশ হারে ফি বৃদ্ধি হলেও গত বছর গড়িয়াহাটের এই স্কুলটিতে ফি বেড়েছিল ২৩ শতাংশ৷ অবশেষে অভিভাবকদের বিক্ষোভের মুখে কিছুটা পিছু হটে তারা৷ পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০ শতাংশ ফি মকুবও করা হয়। কিন্তু, বছর ঘুরতেই ফের ফি বাড়াল সাউথ পয়েন্ট স্কুল ৷
ফি বৃদ্ধির এই নির্দেশিকা পাওয়ার পরই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন জানিয়ে কর্তৃপক্ষকে একাধিক ই-মেল করেন অভিভাবকরা৷ কিন্তু তাতে সাড়া মেলেনি বলে অভিযোগ৷ তবে এরপরই একটি বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল কর্তৃপক্ষ৷ যেখানে জানানো হয়েছে, করোনার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্তদের ফি মকুব করার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ৷ তারজন্য সংশ্লিষ্ট অভিভাবকদের ব্যক্তিগতভাবে আবেদন জানাতে হবে উপযুক্ত নথি-সহ৷ আগামী ৭ এপ্রিল পর্যন্ত এই ধরনের আবেদন জমা করা যাবে৷ অন্যদিকে, আবেদনের ভিত্তিতে নির্দিষ্ট কিছু পড়ুয়ার ফি মকুবের সিদ্ধান্ত মানতে নারাজ ‘সাউথ পয়েন্ট স্কুল প্যারেন্টস ফোরাম’৷ তাদের দাবি, সকলের জন্য একই ফি কাঠামো তৈরি করতে হবে ৷ এই দাবিতেই সোমবার বেলা ১২টা নাগাদ স্কুলের সামনে জমায়েত করেন অভিভাবকরা ৷




